প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যয়। দ্বিতীয়ার্ধের বেশ কিছু সময় গোলের দেখা নেই। কিন্তু শেষ ২০ মিনিটে শুরু হয় গোলের ঝড়। এ সময় দুই দল চারটি গোল করে। তিন গোলের সুবাদে আফ্রিকান নেশনস কাপে সেনেগাল ৩-১ গোলে হারিয়েছে প্রথম সেমিফাইনালে খেলা বুরকিনা ফ্যাসোকে। এ জয়ে তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠল দলটি।

বুধবার রাতে ক্যামেরুনের আহমাদু আহিদজো স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোলের দেখা না পেলেও তা ছিল ঘটনাবহুল। বেশ কয়েকবার সুযোগ বানিয়েও লক্ষ্য ভেদ করতে পারেননি সাদিও মানেরা। রেফারি দুই-দুইবার পেনাল্টির বাঁশি বাজালেও ভিএআরের কল্যাণে রক্ষা পায় বুরকিনা ফ্যাসো। 

তবে নাটকীয়তা হয়েছে দ্বিতীয়ার্ধে, যার শুরুটা হয় ৭০ মিনিটে। ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় সেনেগাল। কর্নার থেকে উড়ে আসা বল বুরকিনা ফ্যাসোর এক ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে ওভারহেড কিক নেন কালিদু কলিবালি। বল ছয় গজ বক্সের মুখে পেয়ে নিচু শটে জালে জড়ান আবদু দিয়ালো।

ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সেনেগাল। গোল করেন পিএসজি মিডফিল্ডার গেয়ি। ৮২ মিনিটে বুরকিনা ফ্যাসোর তুরে গোল করে ম্যাচে ফেরার আভাস দিলেও ৮৭ মিনিটে লিভারপুল স্ট্রাইকার সাদিও মানে গোল করে সেনেগালের ফাইনাল নিশ্চিত করেন। এ নিয়ে সেনেগালের হয়ে ২৯তম গোলের দেখা পেলেন সাদিও মানে।

ফাইনালে সেনেগালের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। আজ রাত ১টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে স্বাগতিক ক্যামেরুন ও মিশর।