ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ১০ জনের দলে পরিণত হওয়া উলভারহ্যাম্পটনকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

 

নরওয়েজিয়ান স্ট্রাইকার এর্লিং হালান্ড মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন। আজও তিনি গোল পেয়েছেন। ম্যাচের মাত্র ৫৫ সেকেন্ডে গোল করে সিটিকে এগিয়ে দেন জ্যাক গ্রিয়ালিশ। ১৬ মিনিটে ব্যবধান ২-০ করেন হালান্ড। ৩৩ মিনিটে নাথান কলিন্স লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের বাকিটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিক দলটিকে। এর সুবিধা নিয়ে প্রতিপক্ষকে কোনো গোল করতে দেয়নি সিটিজেনরা। উল্টো ৬৯ মিনিটে চ্যাম্পিয়নদের পক্ষে তৃতীয় গোল করেন ফিল ফডেন।

 

বরুশিয়া ডর্টমুন্ড থেকে এ মৌসুমে সিটিতে নাম লেখানো হালান্ড এ নিয়ে টানা সাত ম্যাচে গোল করলেন এবং সর্বশেষ নয় ম্যাচে করেছেন ১৪ গোল।

 

এদিকে, আগামীকাল রাতে লা লিগায় মাদ্রিদ ডার্বিতে মুখোমখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

 

মাদ্রিদ ডার্বির মতো মহাগুরুত্বপূর্ণ ও মর্যাদার লড়াইয়ের আগে অবশ্য দলসেরা খেলোয়াড় করিম বেনজেমাকে পাচ্ছে না রিয়াল। তিনি চোটের কারণে এ মুহূর্তে দলের বাইরে রয়েছেন। গত ৬ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে সেল্টিকের মাঠে সর্বশেষ খেলেছেন ফরাসি স্ট্রাইকার। গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের রূপকার বেনজেমা না থাকায় কাল প্রতিপক্ষকে যে বাড়তি সুবিধা পাবে, তা বলাই বাহুল্য।

 

এরপরও কার্লো অ্যানচেলত্তির দল সমীহ জাগানো ফর্মে রয়েছে। ৬ সেপ্টেম্বর সেল্টিকের মাঠে মাত্র ৩০ মিনিট পরই চোটের কারণে মাঠ ছাড়তে হয় বেনজেমাকে। সেই থেকে তিন ম্যাচ খেলে ৯ গোল দিয়েছে রিয়াল, বিপরীতে হজম করেছে মাত্র একটি গোল। আর চ্যাম্পিয়ন্স লিগে দুটি ম্যাচেই ক্লিন শিট করেছেন রিয়াল গোলকিপার।

 

ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে একমাত্র দল হিসেবে চলতি মৌসুমে আট ম্যাচের সবগুলোই জিতেছে রিয়াল। কাল তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই এস্তাদিও ওয়ান্ডা মেট্রোপলিটানোয় খেলতে নামছে লস ব্লাঙ্কোসরা।

 

বেনজেমা না থাকলেও অ্যানচেলত্তির হাতে শূন্যতা পূরণ করার মতো এক ঝাঁক তারকা রয়েছেন। ভিনিসিয়ুস জুনিয়র, ফেদে ভালভার্দে, লুকা মদরিচ, এডেন হ্যাজার্ড, রদ্রিগো, মার্কো অ্যাসেনসিও, এমনকি ডিফেন্ডার আন্তোনিও রুডিগারও দলের প্রয়োজনে গোল করছেন। কাজেই আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই রিয়াল কোচের।

 

লা লিগায় ১৭০ ম্যাচের মুখোমুখিতে ৯০টি জয় নিয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, আর অ্যাতলেটিকো জিতেছে ৪০টি। এছাড়া কাপ, লিগ কাপ, স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপ মিলিয়ে ২২৯ ম্যাচের মধ্যে ১১৩টি জয় নিয়ে এগিয়ে রয়েছে লস ব্লাঙ্কোসরা। ৫৭টি জয় অ্যাতলেটিকোর, আর ড্র হয়েছে ৫৯টি।   


এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হারের দুঃখ এলচেকে হারিয়ে ভুলল বার্সেলোনা। আজ ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে কাতালানরা। জোড়া গোল করেন রবার্ট লেভানদোভস্কি। মেম্ফিস ডিপাই করেন অন্য গোলটি।