মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। গতকাল রোববার দিবাগত রাতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রথমার্ধে রদ্রিগো ও ফেদেরিকো ভালভার্দে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে মারিও হারমোসো অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে একটি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের প্রথম মিনিটে লালকার্ড দেখে মাঠ ছড়ানে মিডফিল্ডার হারমোসো।

এ জয়ে লা লিগায় ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা। সমান ম্যাচে ১০ পয়েন্টে অ্যাতলেতিকো মাদ্রিদ সপ্তম স্থানে।

ঘরের মাঠে বল দখল, গোলের জন্য শট কিংবা গোলমুখে শট রাখা, সবকিছুতেই এগিয়ে ছিল অ্যাতলেতিকো। কিন্তু থিবো কর্তোয়া ও পোস্টের কাছে বার বারই পরাস্ত হয়েছে দিয়েগো সিমেওনের শিষ্যরা।

অভিজ্ঞ স্ট্রাইকার করিম বেনজেমাকে ছাড়া ওয়ান্দা মেট্রোপলিটানোয় নেমেছিল রিয়াল। স্বাগতিকরা ১৬ মিনিটের মধ্যে তিনবার শট নেয় রিয়ালের গোলপোস্টে। কিন্তু কখনো ক্রসবারের উপর দিয়ে, আবার গোলবারের পাশ দিয়ে বল চলে গিয়েছে বাইরে।

উল্টো ১৮ মিনিটে লিড নেয় অতিথিরা। অরেলিয়েন টিশোয়ামেনিকে পাস দিয়ে বক্সে ঢুকে যান রদ্রিগো। টিশোয়ামেনি থেকে ফিরতি পাস পেয়ে, জালে বল পাঠাতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৩৬ মিনিটে ভিনিসিউস জুনিয়র গোলমুখে শট রাখলে তা পোস্টে লেগে দূরের পোস্টের কাছে চলে যায়, দৌড়ে এসে উরুগুয়ান স্ট্রাইকার ফেদেরিকো ভালভার্দে লক্ষ্যভেদ করেন।

বিরতির পর স্বাগতিকরা ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টা করে। শেষ পর্যন্ত অ্যাতলেতিকো একটি গোল শোধও করে। কর্নার কিক থেকে উড়ে আসা বল মারিও হারমোসোর কাঁধে লেগে রিয়ালের জালে ঢুকে। বাকি ৭ মিনিটে সমতাসূচক গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বরং ৯১ মিনিটে হারমোসো নিজেদের বক্সে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিওনেল মেসির একমাত্র গোলে লিঁওকে ১-০ গোলে হারায় পিএসজি।