বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতের পেস বোলার মোহাম্মদ শামি। কাঁধের চোটের কারণে তার খেলা হবে না। শামির জায়গায় ভারতীয় দলে ডাক পেয়েছেন কাশ্মীরি পেসার উমরান মালিক।

শামি বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। গতকাল বোর্ডের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। সেখানে বলা হয়েছে, অস্ট্রেলিয়া থেকে ফেরার পর অনুশীলনকালে চোট পেয়েছেন শামি।

জানা গেছে, শুধু ওয়ানডে সিরিজই নয়, বাংলাদেশের সঙ্গে দুই টেস্টের সিরিজও মিস করতে পারেন শামি। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর।

শামির জায়গায় ডাক পাওয়া ফাস্ট বোলার উমরান মালিক ভারতের হয়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ খেলেছেন। শামির মতোই বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলা হবে না রবীন্দ্র জাদেজার। গত সেপ্টেম্বরে করানো হাঁটুর অস্ত্রোপচার থেকে তিনি ঠিকমতো সেরে ওঠেননি বলেই এ সিরিজে খেলা হবে না। তার টেস্ট সিরিজে খেলাও অনিশ্চিত। জাদেজার জায়গায় টেস্ট দলে আসতে পারেন বামহাতি স্পিনার সৌরভ কুমার, যিনি ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ সফরেই রয়েছেন।