২০১৭ সালে আইসিসির সহযোগী দেশ আরব আমিরাত নতুন একটি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা নিয়ে আসে টি-টেন লিগ। এবার ৬০ বলের আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে আসছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ও ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) কর্তৃপক্ষ।

দ্য সিক্সটিতে পুরুষদের ছয়টি ও নারীদের তিনটি দল নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে। প্রতি দলে থাকবে ছয়জন করে খেলোয়াড়। অন্য প্রতিযোগিতাগুলোয় প্রতি দলে থাকে ১১ জন খেলোয়াড়, ১০ ব্যাটারকে আউট করতে পারলে হয় অলআউট। তবে ‘দ্য সিক্সটি’তে এক্ষেত্রে একটু ভিন্নতা থাকছে। দলে থাকবেন ছয়জন ক্রিকেটার, অলআউটের জন্য ছয় ব্যাটারকেই আউট করতে হবে। শেষ ব্যাটার একাও ব্যাটিং করতে পারবেন।

প্রথম দুই ওভার থাকবে পাওয়ার প্লে। এই দুই ওভারে যদি অন্তত একটি করে ছক্কা হাঁকাতে পারে, তাহলে আরো এক ওভার পাওয়ার প্লের সুযোগ পাবে। ৩ থেকে ৯ ওভারের মধ্যে নিজেদের ইচ্ছে অনুযায়ী পাওয়ার প্লের ওই ওভারটি নেয়া যাবে।

এ প্রতিযোগিতায় এক প্রান্ত থেকে একটানা ৩০ বল করতে হবে এবং অন্য প্রান্ত থেকে ৩০ বল। ৪৫ মিনিটের মধ্যে ৬০ বল শেষ করতে হবে। যদি কোনো দল নির্ধারিত সময়ে তা শেষ করতে না পারে, তাহলে শেষ ৬ বলের আগে একজন খেলোয়াড়কে তুলে নিতে হবে।

আগামী ২৪ থেকে ২৮ আগস্ট সেন্ট কিটসে দ্য সিক্সটির প্রথম আসর অনুষ্ঠিত হবে।