বাংলাদেশ টেস্ট ও টি২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান আসন্ন এশিয়া কাপ টি২০ আসরে খুব বেশি কিছু প্রত্যাশা করেন না। মিথ্যা স্বপ্নও দেখাতে চান না। তিনি এই সংস্করণে শুধু ধারাবাহিকতা নিয়ে আসতে চান, যাতে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ব ক্রিকেটের একটি শক্তি হয়ে উঠতে পারে বাংলাদেশ।

 

এশিয়া কাপ টি২০ খেলতে মঙ্গলবার আরব আমিরাত রওনা হবে বাংলাদেশ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলনায়ক। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি যে, মানুষ এখন আমাদের থেকে বেশি আশা করে না। এই পরিস্থিতিতে বিশেষ করে টি২০তে যেহেতু আমাদের রেকর্ডটাই ভালো নয়।

 

এশিয়া কাপ ফাইনাল খেলার আশা করেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাদের জন্য কঠিন। গত এক-দেড় বছরে আমরা যা করেছি যেখান থেকে যদি উন্নতি করতে পারি, তবে সেটাই হবে আমাদের অর্জন। আমাদের সুপার ফোরে খেলা উচিত, তবে আমরা টুর্নামেন্টের আগে যদি লক্ষ্য নির্ধারণ করি এবং সেভাবে ফল করতে না পারি, তবে আপনারাই বলবেন, আমরা বড় কথাই বলি, কিন্তু লক্ষ্য অর্জন করতে পারি না। আমাদের বরং ড্রেসিংরুমেই লক্ষ্যটা নির্ধারণ করতে দিন। আমরা এখানে তা আলোচনা করতে চাই না।

 

এশিয়া কাপ এর আগে মাত্র একবার টি২০ সংস্করণে অনুষ্ঠিত হয়েছে, যেটিতে ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। যদিও এই ফরম্যাটে সাম্প্রতিক ফর্ম যারপরনাই খারাপ। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের পর এখন পর্যন্ত ১০টি টি২০ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতে পেরেছে বাংলাদেশ। সম্প্রতি জিম্বাবুয়ের মাঠে সিরিজে হেরেছে টাইগাররা, তার আগে সিরিজ হেরে এসেছে ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকেও। ওয়েস্ট ইন্ডিজে সিরিজ হারের পর তো নেতৃত্বই হারিয়েছে মাহমুদউল্লাহ। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন সাকিব।

 

নতুন টি২০ অধিনায়ক সাকিব এই ফরম্যাটে দলের উন্নতি চান। তিনি চান পারফরম্যান্সের গ্রাফটা উর্ধ্বমুখী হোক। তার কথায়, আমরা যেভাবে ক্রিকেট খেলি সেটাকে পাল্টে ফেলতে চাই না, বরং আমাদের যে রিসোর্স আছে তা ভালোভাবে ব্যবহার করাই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমরা ভালো একটি দল এবং অতীতে ভালো করেছিও। তবে আমাদের ধারাবাহিক হতে হবে। আমাদের জিততে শুরু করতে হবে, আর যদি নাও পারি তবে যেন লড়াই করে শেষ কয়েক বলে হেরে যাই। তখন মানুষ বুঝতে, আমরা অন্তত উন্নতি করছি। আমরা এখন প্রথম ইনিংসেই কিংবা দ্বিতীয় ইনিংসের প্রথম দশ ওভারের মধ্যে হেরে যাই। আমি এমনটা চাই না।

 

সাকিব এবারের এশিয়া কাপের জন্য লক্ষ্য নির্ধারণ না করে বরং আগামী চার বছরের লক্ষ্য নির্ধারণ করতে চান, যে সময়ের মধ্যে দলের উন্নতি হবে। তিনি বলেন, আমরা চাই দলের উন্নতির গ্রাফ উপরের দিকে উঠুক। আমরা যদি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হই এবং এরপর বিশ্বকাপে খারাপ করি কিংবা নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ হারি, তবে কোনো লাভ নেই। আমাদের বরং ধীরে ধীরে উন্নতির চেষ্টা করতে হবে, যাতে আমরা ২০২৪ ও ২০২৬ সালের বিশ্বকাপে অন্যতম সেরা দল হয়ে উঠতে পারি। ভারত তো সেই ২০০৭ সালে একবার টি২০ বিশ্বকাপ জিতেছে, কিন্তু প্রতিবার বিশ্বকাপ এলেই তারা অন্যতম ফেভারিট থাকে। আমি মনে করি, এটা অনেক গুরুত্বপূর্ণ।

 

আর কী হলে কী হতে পারতো তা চিন্তা না করে বরং দলের শক্তি-সামর্থ্যের কথা মাথায় রেখেই সামনে এগিয়ে যেতে চান বাংলাদেশ টি২০ দলনায়ক। সাকিব বলেন, এখন আমার কাছে তেল নেই, তেল দিয়ে কী করতে পারি সেটা চিন্তা করে লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, গ্যাস দিয়ে কী কী করা যাবে সেটা বোঝা গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের শক্তিমত্তার ঠিকঠাক ব্যবহার করতে পারি, আমি বিশ্বাস করি আমরা ভালো দল।