ফিফা নারী ফুটবল বিশ্বকাপের
কোয়ার্টার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠতে
আর দুই জয় চাই তাদের।
আজ রোববার সিডনি স্টেডিয়ামে
শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারায় ইউরোপের হেভিওয়েট নেদারল্যান্ডস।
জিল রুর্ড ও লিনেথ বিরেনস্টেইন গোল করেন।
শুক্রবার কোয়ার্টার ফাইনালে
স্পেনের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।ওয়েলিংটনে শুক্রবার সকাল ৭টায় সেমির টিকিটের জন্য
লড়বে এই দুই দেশ।
দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে
এসেই শেষ ষোলোয় উঠেছে দক্ষিণ আফ্রিকা। তাই বিদায় নিয়েও দুঃখ নেই বানিয়ানা বানিয়ানাদের।
দলটির কোচ ডেসিরি ইলিস বলেন, ‘একটি দল হিসেবে আমাদের মাথা উঁচুতেই রাখা উচিত। যখন আমরা
শেষ ষোলোতে উঠলাম, গোটা দেশ উন্মাদ হয়েছে, হয়তো এখন দেশে ফিরলেও হবে। এই দলটাকে নিয়ে
গোটা দক্ষিণ আফ্রিকার গর্ব করা উচিত।’
গ্রুপের শেষ ম্যাচে ইতালিকে
৩-২ গোলে হারিয়ে চমক দেখানো দক্ষিণ আফ্রিকার মেয়েরা খালি হাতে অবশ্য ফিরছে না। শেষ
ষোলোয় ওঠায় ফিফার কাছ থেকে খেলোয়াড়রা প্রত্যেকেই পাবেন ৫০ হাজার পাউন্ড করে।










