শ্রীলংকার মাটিতে চলমান উইমেন্স এশিয়া কাপে আজ মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৯১ রান তোলে টাইগ্রেসরা। জবাব দিতে নেমে মালয়েশিয়া ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রান তুলতে সমর্থ হয়। আজ আরেক ম্যাচে শ্রীলংকার কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে থাইল্যান্ড।

 

এরই মধ্যে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। আজ ‘বি’ গ্রুপ থেকে শ্রীলংকা ও বাংলাদেশ উঠেছে সেমিফাইনাল। শুক্রবার প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলংকা ও পাকিস্তান।

 

আজ রাতের ম্যাচে শ্রীলংকাকে বড় ব্যবধানে হারালে সেমিতে উঠতে পারতো থাইল্যান্ড। যদিও সেই স্বপ্ন পূরণ হয়নি তাদের। উল্টো ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারের লজ্জা নিয়ে শেষ করল এবারের আসর। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৯৩ রান তুলতে সমর্থ হয় থাই নারীরা। জবাব দিতে নেমে ৫১ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে সিংহলিজ নারীরা। অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৫ বলে ৪৯ ও ভিশমি গুণারত্নে ৩৪ বলে ৩৯ রান করেন।

 

এবার শীর্ষ চারটি দল নামছে সেমির যুদ্ধে। এশিয়া কাপে আগের আট আসরে ভারত সাতবার ও বাংলাদেশ একবার শিরোপা জিতেছে।