কলম্বিয়াকে
হারিয়ে টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা ফুটবল দল। আজ লাতিন আমেরিকার কাতার
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় লিওনেল স্কালোনির শিষ্যরা।
দলের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ।
আরেক ম্যাচে ৪-০ গোলে প্যারাগুয়েকে পরাজিত করেছে ব্রাজিল। উরুগয়ে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলাকে। পেরু ও একুয়েডরের খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। বলিভিয়াকে ৩-২ গোলে হারায় চিলি।
নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি আর্জেন্টিনার আগের ম্যাচে চিলির বিপক্ষেও ছিলেন না। এছাড়া কার্ডের কারণে হারাতে হয় আরো চার ফুটবলারকে। তবে আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। যথেষ্ট গোল না হলেও প্রত্যাশিত জয় ঠিকই পেয়েছে আলবিসেলেস্তারা।
ঘরের মাঠ এস্তাদিও মারিও অ্যালবের্তো কেম্পেসে খেলার ২৯ মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মার্কোস আকুনার ক্রসে ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন এ তারকা ফরোয়ার্ড। চার দিন আগে চিলির বিপক্ষেও জালের দেখা পেয়েছিলেন তিনি। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো। অ্যাঞ্জেল ডি মারিয়ার দুর্দান্ত ফ্রি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভারগাস।
প্রথমার্ধের একেবারে শেষে সমতায় ফিরতে পারতো কলম্বিয়া। মিগুয়েল বোরহার সামনে একমাত্র বাধা ছিল আর্জেন্টিনার গোলরক্ষক। ঠিক সময়ে এগিয়ে গিয়ে শট নেয়ার জায়গা ছোট করে দেন এমিলিয়ানো মার্টিনেজ, তার সোজাসুজি মেরে বসেন বোরহা। তারপরও সুযোগ ছিল, কিন্তু দ্বিতীয় দফায় লুইস দিয়াসের শট রক্ষণে প্রতিহত হয়।
বিরতির পরও আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে আবারো দূর থেকে চেষ্টা করেন ডি মারিয়া। তার বুলেট গতির শট দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান ভারগাস। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এ জয়ে আর্জেন্টিনা এখন পর্যন্ত টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে এই যাত্রা শুরু হয়েছিল।
আর্জেন্টিনা ১৫ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে এই অঞ্চলে দুই নম্বরে আছে। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। তিন নম্বরে একুয়েডর। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে উরুগুয়ে।
কাতার বিশ্বকাপে এই অঞ্চলের ১০ দেশের বাছাই থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।










