গ্রীষ্মকালীন দলবদলে এবার খরচের নতুন রেকর্ড গড়ল ইংলিশ প্রিমিয়ার লিগ। ফাইন্যান্স কোম্পানি ডেলোয়েটের করা সমীক্ষা বলছে, আজ ২৫ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন দলবদলে খরচের নতুন রেকর্ড হয়েছে। ২০১৭ সালে গড়া ১৪০ কোটি পাউন্ডের রেকর্ডটা ভেঙে এদিন পর্যন্ত ১৫০ কোটি পাউন্ড ব্যয় করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ হাজার ৮০০ কোটি টাকা। এখনো এক সপ্তাহের মতো বিকিকিনি বাকি রয়েছে।

 

১ সেপ্টেম্বর ব্রিটিশ সময় রাত ১১টায় শেষ হবে এবারের গ্রীষ্মকালীন দলবদল। সেই সময় পর্যন্ত প্রিমিয়ার লিগের খরচের রেকর্ডটা কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার বিষয়।

 

গত বছর ঠিক এই সময় প্রিমিয়ার লিগের খরচ ছিল ৮৯ কোটি ৫০ লাখ পাউন্ড, যা কিনা শেষ পর্যন্ত ১১০ কোটি পাউন্ড হয়েছিল।

 

ডেলোয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের সহকারী পরিচালক ক্রিস উড বলেন, এবারের গ্রীষ্মকালীন দলবদলে এত বেশি ব্যয় হয়েছে যা করোনা-উত্তর ব্যবসায়িক মডেলের রূপান্তরের কথাই বলছে। এটি খুবই উত্সাহব্যঞ্জক ঘটনা। ক্লাবগুলো টেকসই দল গঠনের চেষ্টা করছে।  

 

বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৫১.২ মিলিয়ন পাউন্ডে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড থেকে কিনেছে নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং ব্রাউট হাল্যান্ডকে। লিভারপুলে এসেছেন আরেক প্রতিশ্রুতিশীল স্ট্রাইকার ডারউইন নুনেজ। তাকে কিনতে অল রেডদের খরচ পড়েছে ৬৪ মিলিয়ন পাউন্ড। তবে এটি শেষ পর্যন্ত পৌঁছতে পারে ৮৫ মিলিয়ন পাউন্ডে। সর্বশেষ বড় নাম হিসেবে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। তাকে কিনতে রেড ডেভিলদের খরচ ৭০ মিলিয়ন পাউন্ড।

 

এছাড়া এভারটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনকে সই করিয়েছে টটেনহাম হটস্পার্স। আবার ম্যানসিটি থেকে ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিংকে কিনতে চেলসি খরচ করেছে ৫০ মিলিয়ন পাউন্ড। ব্লুজরা আরেকটি বিগ বাজেটে কিনেছে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেল্লাকে। ব্রাইটন থেকে তাকে কেনার খরচ ৬০ মিলিয়ন পাউন্ড!

 

আজ পর্যন্ত সই করাদের মধ্যে ৪০ জন খেলোয়াড়ের ফি ছিল ৩০ মিলিয়ন পাউন্ডের বেশি, গত বছর এই সময় যা ছিল মাত্র আটজন।