কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবে খেলতে নামা আর্জেন্টিনা প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে প্রবল চাপের মুখে পড়েছে। ‘সি’ গ্রুপ থেকে নকআউট পর্বে উঠতে এখন টানা দুই ম্যাচেই জয়ের চ্যালেঞ্জের মুখে পড়েছে আলবিসেলেস্তেরা। দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই বৈতরণী পার করাতে পারবেন কি দলটির সেরা খেলোয়াড় লিওনেল মেসি?
আর্জেন্টিনার বহু যুদ্ধের নায়ক মেসির সামর্থ্য নিয়ে কারো প্রশ্ন নেই। সাতবারের ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড় সব সময়ই দলকে টেনেছেন। আর্জেন্টিনা যখনই বিপদে পড়েছে তখনই ত্রাতা হয়ে উদ্ধার করেছেন। এবার বিশ্বকাপে নিজের শেষ মিশনে আর্জেন্টিনাকে কি পারবেন নকআউট পর্বে নিয়ে যেতে?
লুসাইল আইকনিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে সৌদির কাছে হেরেছে লিওনেল স্ক্যালোনির দল। সেই বধ্যভূমিতে আজ অগ্নিপরীক্ষায় মেসি ও তার সতীর্থরা।
২০০৬ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয় মেসির। ওই ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করে ৬-০ গোলে, মেসি করেন একটি গোল। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গোল পান তিনি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা আসরে গোল পাননি আর্জেন্টাইন কিংবদন্তি ফরোয়ার্ড। সেবার দিয়েগো ম্যারাডোনা ছিলেন হেড কোচ, আর্জেন্টিনার বিদায় ঘটে কোয়ার্টার ফাইনাল থেকে।
মেসির সেরাটা আসে ২০১৪ বিশ্বকাপে। ব্রাজিলে অনুষ্ঠিত ওই আসরে তিনি চার গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন এবং গোল্ডেন বল জয় করেন।
মেসি ছাড়া চার বিশ্বকাপে গোল করেছেন
ব্রাজিলের পেলে, জার্মানির
উই সিলার ও মিরোস্লাভা কোসা। আর একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করেছেন
পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি গত
বৃহস্পতিবার ঘানার বিপক্ষে গোল করে রেকর্ড বুকে নাম লেখান।










