দীর্ঘ ১৪ বছর পর আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের রাজধানী বান্দুং শহরে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ফুটবল ম্যাচটি লাইভ সম্প্রচার করবে Indosiar Tv and Vidio.com।

 

আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এই ম্যাচ নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের প্রধান প্রশিক্ষক হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। এছাড়া ইন্দোনেশিয়া দলের প্রধান প্রশিক্ষক শিন তায়ে-ইয়ং ও অধিনায়ক ফখরুদ্দিন আরিয়ান্তো সংবাদ সম্মেলনে কথা বলেন।উভয় দলই এ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। 

 

এ ম্যাচে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল গত ২৭ মে থেকে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে। ২৮ মে সেখানে প্রথম অনুশীলন করে তারা। মাঝের কয়েকদিন অনুশীলন করার পর কাল মাঠের লড়াইয়ে নামছে অতিথিরা।

 

১৪ বছর পর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৮ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে দলটির কাছে ২-০ গোলে হেরেছিল লাল-সবুজরা। 

 

এ ম্যাচটি খেলে জামাল ভূইয়ার দল যাবে মালয়েশিয়ায়। সেখানে ৮ জুন শুরু হতে যাওয়া এএফসি এশিয়া কাপের বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। তাই বলা যায়, এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবেই বান্দুংয়ের এই মাচটি খেলছে কাবরেরার দল।