বার্মিংহাম কমনওয়েলথ গেমসে শুক্রবার প্রথম দিন ১৬টি স্বর্ণ পদকের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। গেমসের ইতিহাসে সবচেয়ে সফল দলটি এদিন ৮টি স্বর্ণ জিতে টেবিলের শীর্ষস্থান দখল করে। এছাড়া নিউজিল্যান্ড ৩টি স্বর্ণসহ ৭টি পদক নিয়ে দুইয়ে ও ইংল্যান্ড ২টি স্বর্ণসহ ৯টি পদক নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে। আজ শনিবার গেমসের দ্বিতীয় দিন ২৩টি স্বর্ণ পদকের নিষ্পত্তি হবে।

 

আজকের উল্লেখযোগ্য ইভেন্টের মধ্যে রয়েছে নারী ও পুরুষ ম্যারাথন, নারী জিমন্যাস্টিকমস, সাঁতার (পুরুষ ৫০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ফ্রিস্টাইল, ৪০০ মিটার মিডলে, ১০০ মিটার ব্যাকস্ট্রোক, ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে এবং নারী ৫০ মিটার ব্রেস্ট, ১০০ মিটার বাটারফ্লাই ও ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে), সাইক্লিং, ভারোত্তোলন।

 

সাঁতারে আজ বিশেষ নজর থাকবে সবার। ডম ডিন ও ডানকান স্কট গত বছর টোকিও অলিম্পিকে ব্রিটেনের হয়ে ২০০ মিটার ফ্রিস্টাইলে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য জয় করেন, আর আজ একে অপরের মুখোমুখি হবেন। বার্মিংহামে তারা মোট ছয়টি ইভেন্টে মুখোমুখি হতে পারেন।

 

দর্শকনন্দিত দক্ষিণ আফ্রিকান সাঁতারু শাদ লে ক্লসের আজ ইতিহাস ছোঁয়ার দিন। ৫০ মিটার বাটারফ্লাইয়ে পদক পেলেই তিনি কমনওয়েলথ গেমসের ইতিহাসে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। তবে ব্রংকাইটিসের কারণে গত মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি ক্লস, কাজেই আজ তিনি কেমন পারফর্ম করবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

 

অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যাডাম পিটি ডান পায়ের পাতার চোট থেকে সেরে উঠে আজ ফিরছেন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে, যার হিট বাংলাদেশ সময় বিকাল ৪টায়। বার্মিংহামে তিনি মোট চারটি ইভেন্টে লড়াই করবেন।

 

নারী টি২০ ক্রিকেটে আজ রাত ১১টায় শ্রীলংকার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড, আর বিকাল চারটায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।