নটিংহ্যাম টেস্টে নিউজিল্যান্ড দুই সেঞ্চুরিতে ৫৫৩ রান তুলে অলআউট হয়।
পাহাড়সম এই রানের চাপে না পড়ে বরং দারুণ জবাব দিচ্ছে ইংল্যান্ড। ওলি পোপ ও জো
রুটের সেঞ্চুরিতে আজ তৃতীয় দিন ২ উইকেটে ৩২৬ রান নিয়ে চা-বিরতিতে যায় স্বাগতিকরা। কিউইদের
ইনিংসের চেয়ে তখন ২২২ রানে পিছিয়ে ছিল ইংলিশরা। পোপ ১৪২ ও রুট ১০৯ রানে ব্যাট
করছিলেন।
ড্যারিল মিচেলের করা ইনিংসের ৮০তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে
ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি করেন রুট। তিন অঙ্ক তিনি ছুঁয়েছেন মাত্র ১১৬ বলে। টানা
দুই ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি। লর্ডস টেস্টে তার সেঞ্চুরিতে ভর করেই ২৭৭ রান
তাড়া করে দুর্দান্ত এক জয় তুলে সিরিজে ১-০তে এগিয়ে যায় বেন স্টোকসের দল।
অ্যালেক্স লিসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৪১ রান করেন পোপ। দুজন এ রান
করেন ২৩৮ বলের মোকাবেলা। এরপর অনবদ্য এ জুটি গড়েন পোপ ও রুট। সাবেক অধিনায়ক শুরু
থেকেই রাজসিক ব্যাটিংয়ে কিউই বোলারদের নাজেহাল করতে থাকেন। তিনি সেঞ্চুরি তুলে নেন
১১৬ বলে। তার বিস্ফোরক ব্যাটিংয়ের কারণেই এ জুটি ২৩৮ বলে বোর্ডে ১৮৪ রান যোগ করে।
পোপ ও রুটের কর্তৃত্বে দ্বিতীয় সেশনে ইংল্যান্ড ২৮ ওভারে ১৩৬ রান সংগ্রহ করার
কৃতিত্ব দেখায়।
শনিবার দ্বিতীয় দিন বিকেলে ৬ রানের মাথায় ওপেনার জ্যাক ক্রলিকে হারায়
ইংল্যান্ড। এরপর পোপ ও লিসের দৃঢ়তায় দ্বিতীয় দিন এক উইকেটে ৯০ রান তুলে মাঠ ছাড়ে
ইংলিশরা। পোপ ৫১ ও লিস ৩৪ রান নিয়ে অপরাজিত ছিলেন। আজ সকালের সেশনে ১৪১ রানের সময়
ভাঙে এ জুটি। এরপর পোপ ও রুটের অনবদ্য জুটির শুরু।
এর আগে লর্ডসে দুই দলের মধ্যকার প্রথম টেস্টে ৫ উইকেটের জয় তুলে নেয়
ইংলিশরা। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ড্যারিল মিচেল ১০৮ ও টম ব্লান্ডেল ৯৬ রান
করে ইংল্যান্ডকে ২৭৭ রানের টার্গেট দিতে বড় ভূমিকা রাখেন। অবশ্য এরপরও হেরেছে
নিউজিল্যান্ড। দুজনের ব্যাট হাসল নটিংহ্যামেও। এবার ড্যারিল মিচেল করেছেন ১৯০ রান, আর ব্লান্ডেল ১০৬ রান। ১৬৯ রানে ডেভন
কনওয়ে আউট হয়ে যাওয়ার পর পঞ্চম উইকেটে দুজন ৪০৮ বল খেলে ২৩৬ রান বোর্ডে যোগ করেন।
তাতে দলের সংগ্রহও পাঁচশ ছাড়িয়ে যায়।
ব্লান্ডেল আউট হয়ে যাওয়ার পর মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে আরো ৯১ রানের
একটি জুটি গড়ে দলের সংগ্রহ বড় করেন মিচেল। ৩১৮ বলে ২৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১৯০
রান করেন মিচেল। ব্লান্ডেল ১০৬ রান করেন ১৯৮ বলের মোকাবেলায়, তিনি ইনিংসটি সাজান ১৪ বাউন্ডারিতে।
এছাড়া ব্রেসওয়েল ৪৯,
উইল ইয়াং ৪৭ ও
কনওয়ে ৪৬ রান করেন।
জেমস অ্যান্ডারসন তিনটি এবং স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস ও জ্যাক লিচ দুটি করে
উইকেট নেন।










