তিন বছরের বেশি সময় পর টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন জনি বেয়ারস্টো। এই উইকেটরক্ষকের ব্যাটে অ্যাশেজের সিডনি টেস্টের প্রথম ইনিংসে লড়ছে ইংল্যান্ড। আজ তৃতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ সাত উইকেটে ২৫৮ রান। এখনো অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে ১৫৮ রানে। বেয়ারস্টো ১০৩ ও জ্যাক লিচ ৪ রানে অপরাজিত আছেন। অজিরা প্রথম ইনিংসে আট উইকেটে ৪১৬ রান করে ইনিংস ঘোষণা করে।

আগের দিন শেষ বিকেলে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৩ রান করেছিল সফরকারীরা। আজ সেখান থেকে শুরু করে দলীয় ৩৬ রানেই চার উইকেট হারিয়ে বসে তারা। ওপেনার হাসিব হামিদ ৬, জ্যাক ক্রাউলি ১৮, ডেভিড মালান ৩ ও জো রুট ফেরেন ০ রানে। পঞ্চম উইকেটে বেন স্টোকস ও বেয়ারস্টোর ১২৮ রানের জুটি সেই চাপ কিছুটি সামলে ওঠে। দলের ১৬৪ রানের মাথায় স্টোকস ফেরেন ৬৬ রান করে। নাথান লায়নের এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৯১ বলের ইনিংসে নয়টি চার ও একটি ছক্কা হাঁকান। এর পর রানের খাতা খোলার আগেই ফেরেন জস বাটলার।

সপ্তম উইকেটে মার্ক উডকে নিয়ে ৭২ রানের ছোট-খাটো আরেকটি জুটি গড়েন বেয়ারস্টো। ৪১ বলে ৩৯ রান করে আউট হন উড। পরে লিচকে নিয়ে টেস্টে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো। ২০১৮ সালের নভেম্বরে শ্রীলংকার বিপক্ষে সাদা পোশাকে শেষ তিন অংকের দেখা পেয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড দুটি করে উইকেট নেন।