ওয়ানডে ও টি-২০তে ভালো করলেও টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের অবস্থা একদমই নাজুক অবস্থায় গিয়ে ঠেকেছে। অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ তে বিধ্বস্ত, পরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হার নাড়িয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেটকে। সবশেষ ১৭ টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতেছে ইংল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মতো টানা পাঁচ সিরিজের একটিও জিততে পারেনি তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সবার নিচে রয়েছে ইংলিশরা। এ অবস্থায় দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরিকল্পনা অনুযায়ী অধিনায়ক জো রুটকে সরিয়ে বেন স্টোকসকে করা হয়েছে নতুন অধিনায়ক। ফেব্রুয়ারিতে সরানো হয়েছে কোচ ক্রিস সিলভারউডকে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, সীমিত ওভার ও টেস্ট ক্রিকেটে আলাদা কোচ নিয়োগ দেবে ইসিবি। এজন্য বিজ্ঞপ্তিও দিয়েছিল তারা, আবেদনের মেয়াদ শেষ হয়েছে গত শুক্রবার। গত সোমবার ও মঙ্গলবার কোচ হতে আগ্রহীদের ইন্টারভিউও নেয়া হয়েছে। যেখানে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্র্যান্ডন ম্যাককালাম। তার সঙ্গে আলোচনাও হয়েছে ইসিবির। বর্তমানে ম্যাককালাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের ইনচার্জের দায়িত্ব পালন করছেন।
কারণ হিসেবে বলা হচ্ছে, ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে আক্রমণাত্মক মনোভাবে ম্যাককালামের মিল থাকা। ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে দেশটির কোচ হতে পারেন বিশ্বকাপজয়ী গ্যারি কারস্টেন। তার সঙ্গে বর্তমান সহকারী কোচ পল কলিংউড ও সাবেক অজি ব্যাটার সায়মন ক্যাটিচও আছেন কোচ হওয়ার দৌড়ে।
টেস্টে সাবেক কিউই তারকার সঙ্গে আরো কয়েকজনের নাম আছে। তবে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানাচ্ছে, এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন ম্যাককালাম। চলতি সপ্তাহে ঘোষণা করা হবে লঙ্গার ভার্সনের নতুন কোচের নাম। শুরুতে ম্যাককালামকে রঙিন পোশাকের ক্রিকেটের কোচই করার পরিকল্পনা ছিল।
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক ইয়ন মরগ্যানের সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে ৪০ বছর বয়সী ম্যাককালামের। গার্ডিয়ান বলছে, মরগানের পরামর্শেই নাকি লাল বলের কোচ করা হতে পারে ম্যাককালামকে।
নিউজিল্যান্ডের হয়ে ১০১ টেস্ট খেলেছেন ম্যাককালাম। তার অধিনায়কত্বের সময় থেকে টেস্ট ক্রিকেটে উন্নতির সূচনা করে ব্ল্যাকক্যাপস। যার ফল বর্তমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। বিবিসি।










