দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে
ভারতীয় ক্রিকেট দল। তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌঁনে
সাতটায় ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন।
বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট দলটি বাংলাদেশে
পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নিউজিল্যান্ড সফর শেষে ভারতীয় ক্রিকেট
দলের আরো কয়েকজন ক্রিকেটারের দুই ভাগে ভাগ হয়ে আজ রাতে ও আগামীকাল পৌঁছানোর কথা।
২০১৫ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ
খেলতে বাংলাদেশে এসেছে ভারতীয় ক্রিকেট দল। তাদের সর্বশেষ সফরে ফতুল্লায় একমাত্র
টেস্টটি ড্র হয়। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে হারিয়ে দেয় টাইগাররা। ২০১৬
সালে অবশ্য এশিয়া কাপ খেলতে বাংলাদেশ সফর করে গেছে ভারত। মহেন্দ্র সিং ধোনির
নেতৃত্বে সেই সফরের অংশ ছিলেন বর্তমান দলের বিরাট কোহলি, রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।
রোববার ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
প্রথম ওয়ানডে ম্যাচ। ৭ ডিসেম্বর একই মাঠে দ্বিতীয় ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী
স্টেডিয়ামে ১০ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর টেস্টের
লড়াই। ১৪ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয়
টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। তিনটি ওয়ানডে শুরু হবে বেলা ১২টায়, টেস্ট শুরু সকাল সাড়ে ৯টায়।
এটা বাংলাদেশে ভারতের ষষ্ঠ টেস্ট ট্যুর।
২০০০ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম টেস্টের প্রতিপক্ষ ছিল ভারত। বঙ্গবন্ধু
স্টেডিয়ামে ঐতিহাসিক সেই টেস্টে ভারতের কাছে ৯ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
এরপর ২০০৪ সালে দুটি, ২০০৭ সালে দুটি, ২০০৯/১০
সালে দুটি ও ২০১৫ সালে একটি টেস্ট খেলতে বাংলাদেশ সফর করে ভারতীয় ক্রিকেট দল।
দুবার ভারত সফর করেছে বাংলাদেশ টেস্ট দল। ভারতের মাঠে ২০১৬/১৭ সালে একটি ও ২০১৯/২০
সালে দুটি টেস্ট খেলে টাইগাররা। সব মিলে, ১১ টেস্টের
দ্বৈরথে ভারত জিতেছে ৯টি, ড্র হয়
বাকি ২টি টেস্ট।
২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ঘরের
মাঠে ৮টি টেস্টে আতিথ্য দেয় ভারতকে, যার মধ্যে
দুটি টেস্ট ড্র হয়, বাকিগুলো
জিতেছে ভারত।
এছাড়া ৩৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়ে ভারত
৩০টি ও বাংলাদেশ ৫টি জিতেছে। এর মধ্যে ২২টি ম্যাচ অনুষ্ঠিত হয় বাংলাদেশের মাটিতে।
টাইগারদের জেতা ৫ ম্যাচের ৪টিই অনুষ্ঠিত হয় বাংলাদেশের মাঠে। টি২০ ক্রিকেটেও
ভারতের কর্তৃত্ব; এই
ফরম্যাটে ১২টি লড়াইয়ের মধ্যে ১১টিই জিতেছে ভারত, বাংলাদেশ
জয় পেয়েছে একটি। দুই দেশের দ্বৈরথে তিনটি টি২০ অনুষ্ঠিত হয় বাংলাদেশে, যার সবগুলো জিতেছে ভারত।
এদিকে, বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু হবে
আগামীকাল। টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা (পূর্ব
স্ট্যান্ড) এবং
সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা (গ্র্যান্ড
স্ট্যান্ড)। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ১ হাজার টাকা, ক্লাব হাউজ
৫০০ টাকা ও নর্থ/সাউথ
স্ট্যান্ড ৩০০ টাকা করে।










