আগামীকাল শুক্রবার শ্রীলংকায় শুরু হচ্ছে নারীদের এশিয়া কাপ টি-টোয়েন্টি আসর। আট দলের এই আসরে প্রথম দিনই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

 

নবম নারী এশিয়া কাপ ক্রিকেটে এবার ফেভারিট কারা? অন্তত নারী এশিয়া কাপে এই উত্তরটা সহজ। আটবারের মধ্যে সাতবারই শিরোপা জেতা ভারত এ অঞ্চলের ক্রিকেটের রানী। ওয়ানডে ফরম্যাটে চার আসরে চারবার ও টি-টোয়েন্টি ফরম্যাটে চার আসরে তিনবার চ্যাম্পিয়ন তারা। এবারও ফেভারিট হিসেবে খেলতে নামছে হারমানপ্রিত কাউরের দল। যদিও স্বাগতিক শ্রীলংকা কিংবা সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশকে বাতিল করে দেয়া যাবে না।

 

শুক্রবার ভারত ও পাকিস্তান মুখোমুখি হলেও হয়তো তা পুরুষদের ক্রিকেটের মতো উন্মাদনা তৈরি করবে না। কারণ, নারী ক্রিকেটে ভারতের চেয়ে শক্তিতে অনেকটা পিছিয়ে রয়েছে পাকিস্তান। তাই আজ সন্ধ্যায় ডাম্বুলায় ভারতই ফেভারিট হিসেবে নামবে এবং হয়তো শুভসূচনাও পেয়ে যাবেন স্মৃতি মন্ধানা, হারমানপ্রিতরা।

 

২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১১২ রান তুলতে সমর্থ হয় ভারতীয়রা। জবাবে শেষ বলে ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। সেবারই পুরুষ কিংবা নারীদের ক্রিকেটে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব পায় বাংলাদেশ।      

 

২০২২ সালের অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত আসরে শিরোপা জিতে নেয় ভারত। ফাইনালে তারা শ্রীলংকাকে হারায়। নিজেদের মাঠে সেবার হতাশ করে বাংলাদেশ। সাত দলের আসরে নিগার সুলতানার দল সেমিফাইনালেও উঠতে পারেনি। বরং তাদের জায়গায় শেষ চারে উঠে যায় থাইল্যান্ড।


 

এবার বড় আশা নিয়ে শ্রীলংকায় খেলতে গিয়েছেন নিগার সুলতানা, জাহানারা আলমরা। অধিনায়ক নিগার ঢাকা ছাড়ার আগে বলে যান, ভারতের কাছে ৫-০তে হোম সিরিজে হারলেও এবার তারা ভালো করতে চান। ব্যাটিংয়ে বাংলাদেশ খারাপ করছিল এবং এই ইউনিট নিয়ে কাজ করায় এখন তারা বেশ আশাবাদী।

 

এবার তরুণদের সঙ্গে বাংলাদেশ দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার ও দুই সাবেক অধিনায়ক জাহানারা আলম ও রুমানা আহমেদ। সর্বশেষ প্রিমিয়ার ক্রিকেট লিগে ভালো খেলার পুরস্কার হিসেবেই তারা এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন।

 

এবারের এশিয়া কাপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে।

 

২৬ জুলাই দুটি সেমিফাইনাল ও ২৮ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নবম নারী এশিয়া কাপ ক্রিকেটের।