লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াদের নজরকাড়া ফুটবলের কাছে হার মানল ইতালি। গতকাল বুধবার দিবাগত রাতে লাতিন আমেরিকা ও ইউরোপের চ্যাম্পিয়নদের লড়াইয়ে ইতালিকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
প্রায় ২৯ বছর পর আয়োজিত ফিনালিসিমায় চ্যাম্পিয়ন হয়েছে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তির দেশটি। এর আগে সর্বশেষ আয়োজিত ১৯৯৩ সালের ফিনালিসিমায়ও চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা।
মেসির পাস থেকে লাওতারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে গোলের সূচনা করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে মার্টিনেজের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এতে প্রথমার্ধেই আর্জেন্টিনা ২-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বদলি নামা পাওলো দিবালা তৃতীয় গোলটি করেন মেসির পাস ধরে। পুরো ম্যাচ জুড়ে লিওনেল মেসি ছিলেন দুর্দান্ত। নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। সুযোগও তৈরি করেছিলেন বেশ কয়েকবার।
ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলতে শুরু করে উভয় দল। অবশ্য বল দখল ও আক্রমণের দিক দিয়ে শুরু থেকেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। সেটার সুফলও তারা পেয়ে যায় ২৮ মিনিটে। এ সময় বামদিক দিয়ে ইতালির রক্ষণভাগের খেলোয়াড়কে পরাস্ত করে বক্সে ঢুকে মেসি বল বাড়িয়ে দেন মার্টিনেজকে। ডান পায়ে দারুণভাবে ফিনিশিং দেন ইন্টার মিলানের ফরোয়ার্ড।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। মধ্য মাঠ থেকে একটু সামনে এগিয়ে পেছন থেকে লম্বা করে পাস বাড়িয়ে দেন পিএসজি স্ট্রাইকারকে। লিওনার্দো বোনুচ্চিকে পেছনে ফেলে বক্সে ঢুকে সেটার নিয়ন্ত্রণ নেন ডি মারিয়া। এরপর ইতালির গোলরক্ষক দোনারুম্মার মাথার ওপর দিয়ে ট্যাব করে বল জালে জড়ান। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরেই গোলের সুযোগ পেয়েছিলেন ডি মারিয়া। কিন্তু তার নেয়া শট ধরে ফেলেন ইতালি গোলরক্ষক। এরপর লিওনেল মেসি একক প্রচেষ্টায় বেশ কয়েকটি আক্রমণ শানান। কিন্তু জালের নাগাল পাননি।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে পাওলো দিবালাকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। শেষ মুহূর্তে (৯০+৪) আক্রমণে উঠেন মেসি। বল নিয়ে ঢুকে পড়েন বক্সে। তাকে রুখে দেয়ার চেষ্টা করেন ইতালির রক্ষণভাগের খেলোয়াড়রা। বল তার কাছ থেকে ইতালির খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় দিবালার কাছে। দিবালা বল পেয়েই দূরের পোস্টে শট নেন। বল জালে জড়ায়। তাতে ৩-০ গোলে ইতালিকে হারিয়ে ফিনালিসিমায় চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা।
এটি ছিল ফিনালিসিমার তৃতীয় প্রতিযোগিতা। প্রথম ১৯৮৩ সালে প্রথম প্রতিযোগিতায় উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। এরপর সবশেষ ১৯৯৩ সালে ফিনালিসিমায় চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেবার ডেনমার্কের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে শিরোপা জিতেছিল দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এর ২৯ বছর পর লিওনেল মেসির নেতৃত্বে আবার ফিনালিসিমা জিতলো আলবিসেলেস্তারা।










