সম্প্রতি টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন লিটন কুমার দাস। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরেও দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছেন এ তিনি। তিন ইনিংস ব্যাট করে ১০২ ও ৮৬ রানের ঝলমলে দুটি ইনিংস খেলেছেন। এতে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১৫তম স্থানে জায়গা করে নিয়েছেন এ উইকেটকিপার-ব্যাটসম্যান।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ, অ্যাশেজের চতুর্থ টেস্ট ও ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি করেছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তর। উন্নতি হয়েছে বোলার এবাদত হোসেনেরও।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বর্তমানে লিটনের ওপরে বাংলাদেশের আর কেউ নেই। ব্যাটসম্যানদের তালিকায় ১৭ ধাপ লাফিয়ে ১৫তম অবস্থানে লিটন। আট ধাপ এগিয়ে মুমিনুল উঠে এসেছেন ৩৭তম স্থানে। বড় লাফ দিয়েছেন শান্ত। সিরিজে কেবল এক ফিফটি করেই তিনি এগিয়েছেন ২১ ধাপ, আছেন ৮৭ নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন মার্নাস লাবুশেন। দুইয়ে আছেন জো রুট ও তিনে স্টিভেন স্মিথ।

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশকে প্রথম জয় এনে দেয়ার কারিগরদের একজন ইবাদত হোসেন। মাউন্ট মঙ্গানুইয়ে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি, দেশের বাইরে যা বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিংয়ের রেকর্ড। প্রথম টেস্টে ৭টি, পরের টেস্টে ২টি উইকেট নেয়া ইবাদত বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৭ ধাপ। তার অবস্থান এখন ৮৮তম স্থানে। শীর্ষে প্যাট কামিন্স, দুইয়ে রবিচন্দ্রন অশ্বিন ও তিনে কাইল জেমিসন।