এশিয়া কাপ টি২০ আসরে দারুণভাবে ঘুরে দাঁড়াল পাকিস্তান। থাইল্যান্ডের
কাছে হারের পরদিনই আজ ভারতকে হারানোর কৃতিত্ব দেখাল তারা। নিদা দারের অলরাউন্ড
নৈপুন্যে শক্তিশালী ভারতকে ১৩ রানে হারায় পাকিস্তান। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৩৭
রান তোলে বিসমাহ মারুফের দল। জবাবে ভারত ১২৪ রানে গুটিয়ে যায়।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুরের ম্যাচে টস জিতে
আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ৩৩ রানে তিন উইকেট হারানো পাকিস্তানকে সঠিক রাস্তায়
ফেরান নিদা দার। অধিনায়ক বিসমাহকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৭৬ রান যোগ করে তিনি
দলের সংগ্রহ একশ পার করান। বিসমাহ ৩৫ বলে ৩২ রান করে আউট হলেও নিদা দার দায়িত্ব
আগেভাগে শেষ করতে চাননি। তিনি ৩৭ বলে ৫৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ভারতের
দীপ্তি শর্মা তিনটি ও পূজা বস্ত্রকর দুটি উইকেট নেন।
জবাব দিতে নেমে ভারত ২৯ রানে দুটি উইকেট হারিয়ে বসে। যদিও দলীয় ৫০ রানে
দলের সেরা ব্যাটার স্মৃতি মান্দানাকে হারিয়ে বড় ধাক্কাটা খায় তারা। এরপর আরো
আগ্রাসী হয়ে ওঠেন পাকিস্তান বোলার নাশরা সান্ধু, নিদা দার, আইমান আনোয়ার ও সাদিয়া ইকবাল। রিচা
ঘোষ ১৩ বলে ২৬ রানে ঝড়ো ইনিংস খেললেও তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।
চলতি এশিয়া কাপে টানা তিন জয়ের পর এই প্রথম হারল ভারত। আর গতকাল
বৃহস্পতিবার থাইল্যান্ডের কাছে হারের লজ্জা পাওয়া পাকিস্তান ২৪ ঘণ্টা পর ফিরে এলো
দারুণভাবে। টুর্নামেন্টের সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে যুগ্মভাবে
টেবিলের শীর্ষে উঠল বিসমাহর দল। যদিও নেট রানরেটে এগিয়ে রয়েছে ভারত।
টি২০তে ১৩ ম্যাচের মুখোমুখিতে এটা পাকিস্তানের তৃতীয় জয়। আর এশিয়া কাপে
ওয়ানডে ও টি২০ মিলিয়ে ৪২ ম্যাচে এটি ভারতের মাত্র তৃতীয় হার! তাদের আগের দুটি হারের স্বাদ দিয়েছিল
বাংলাদেশ,
দুটিই ২০১৮
সালের এশিয়া কাপে। সেবার বাংলাদেশ তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
আজ আরেক ম্যাচে থাইল্যান্ড ১৯ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।
আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি শুরু হবে
বেলা ১টা ৩০ মিনিটে। তার আগে সকালের ম্যাচে শ্রীলংকা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে।
সাত দলের এই আসরে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। ভারত ও পাকিস্তান
উভয় দলের ঝুলিতে সমান ৯ পয়েন্ট। বাংলাদেশ, শ্রীলংকা ও থাইল্যান্ড সমান ৪ পয়েন্ট নিয়ে রয়েছে সেমিফাইনালের দৌড়ে। ১৫
অক্টোবর চলতি আসরের ফাইনাল।










