ওয়ানডেতে শেষ পাঁচ ইনিংসে চারটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি বাবর আজমের। গতকাল বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে করেছেন ১০৩ রান। এ নিয়ে শেষ তিন ইনিংসেই টানা সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানের অধিনায়ক।


ওয়েস্ট ইন্ডিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের শেষ দুই ম্যাচে সেঞ্চুরি করেন বাবর। টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার কীর্তি এ নিয়ে দ্বিতীয়বার করে দেখালেন সাদা বলের বিশ্বসেরা ব্যাটার। ক্রিকেট ইতিহাসে দুইবার টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করার রেকর্ড আর কারো নেই। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবার টানা তিন সেঞ্চুরি করেছিলেন বাবর আজম।


এদিন বাবর ভেঙে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড। এই সংস্করণে অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়েছেন পাক অধিনায়ক। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে হাজার রান করতে বাবরের লাগল মাত্র ১৩ ইনিংস। এর মধ্যে ছয়বার তিনি পেয়েছেন সেঞ্চুরির স্বাদ। হাজার ছুঁতে কোহলির লেগেছিল ১৭ ইনিংস। এছাড়া, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ১৮, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ২০ ও ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ২১ ইনিংসে হাজার রান পূরণ করেছিলেন।


বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ১৪ বছর পর ক্রিকেট ফেরার উপলক্ষ জয় দিয়ে রাঙায় পাকিস্তান। বাবরের সেঞ্চুরি ও খুশদিল শাহের ঝড়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তারা তুলে নেয় ৫ উইকেটের জয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে এই প্রথম তিনশ রান তাড়া করে জিতল পাকিস্তান।


বড় লক্ষ্য তাড়ায় তিনে নেমে ১০৭ বলে ১০৩ রানের দারুণ ইনিংস খেলেন বাবর। এটি ওডিআইতে তার ১৭তম সেঞ্চুরি। ব্যাট হাতে নান্দনিক পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি। তবে পুরস্কার গ্রহণ না করে দিয়ে দেন সতীর্থ খুশদিলকে। শেষ চার ওভারে ৪৪ রান লাগত পাকিস্তানের। খুশদিল ২৩ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে মিলিয়ে ফেলেন সেই কঠিন সমীকরণ।


ওয়ানডে সংস্করণে বাবরের শেষ পাঁচ ইনিংস- ১০৩ (ওয়েস্ট ইন্ডিজ), ১০৫*, ১১৪ ও ৫৭ (অস্ট্রেলিয়া), ১৫৮ (ইংল্যান্ড। আগামীকাল শুক্রবার মুলতানে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ম্যাচে তিন অঙ্কের দেখা পেলে বাবর ছুঁবেন টানা চার সেঞ্চুরি হাঁকানো শ্রীলংকান কিংবদন্তী কুমারা সাঙ্গাকারার রেকর্ড।


২৭ বছর বয়সী বাবরের আগের টানা তিন সেঞ্চুরি এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যথাক্রমে ১২০, ১২৩ ও ১১৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ওই তিন সেঞ্চুরি আবার ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম তিন সেঞ্চুরি।