পায়ে আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্স জাতীয় দলের স্ট্রাইকার করিম বেনজেমা। বিশ্বকাপে বেনজেমার বদলে মূল একাদশে দেখা যাবে অলিভার জিরুকে।


এপির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার কাতারে অনুশীলনে নেমেছিলেন বেনজেমা। এমন সময় হঠাৎ উরুর পুরনো একটি ব্যথা জেগে ওঠে তার। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, এ অবস্থা থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লেগে যাবে তার। ফলে নিশ্চিতভাবেই বলা যায়, কাতার বিশ্বকাপে খেলা হয়ে উঠছে না বেনজেমার।


বেনজেমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন বলেছে,পুরো ফ্রান্স দল বেনজেমার বেদনার অংশীদার। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।


এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর টুইটারে একটি আবেগঘন বার্তা দিয়েছেন ব্যালন ডি অর জয়ী ফুটবলার বেনজেমা। লিখেছেন, জীবনে আমি কখনই হাল ছাড়িনি, কিন্তু আজ রাতে আমাকে দল নিয়ে ভাবতে হবে। ইনজুরির কারণে আমার জায়গা এমন কাউকে ছেড়ে দিতে হবে যে দলকে একটি ভালো বিশ্বকাপ দলে পরিণত করতে সাহায্য করবে। বার্তায় সমর্থক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


বিশ্বকাপে গ্রুপ ডিতে থাকা ফ্রান্স ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে। ২৬ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ডেনমার্ক ও ৩০ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ফ্রান্স। এর আগেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম সোমবার বেনজেমার বদলি হিসেবে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করতে পারেন।

এর আগে পল পগবা, এনগোলো কান্তে ও প্রেসনেল কিম্পেম্বে ইনজুরিতে পড়লে বাধ্য হয়ে তাদের ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশমস। দল ঘোষণার পর চোটের জন্য ছিটকে যান লিপজিগ স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু। এসব নিয়ে নিয়ে বিশ্বকাপে আসার আগেই দুশ্চিন্তায় ছিলেন দেশম। বিশ্বকাপ থেকে বেনজেমার ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। ফরাসি কোচ বলেন, আমি বেনজেমার জন্য বেদনাহত, তিনি এবারের বিশ্বকাপকে তার মূল্য লক্ষ্য বানিয়েছিলেন।