আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসছে ২১তম এএফসি উইমেনস এশিয়া কাপ আসর। এ আসরের বাছাই পর্বে আজ বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। ইয়াঙ্গুনে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাছাই পর্বে ৮ গ্রুপের খেলা হচ্ছে ৮টি ভিন্ন দেশে। এ ৮ গ্রুপের ৮ চ্যাম্পিয়ন দল উঠবে মূল পর্বে, যেখানে আগেই কোয়ালিফাই করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া, ২০২২ আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান।

এরপর ২ জুলাই মিয়ানমারের বিপক্ষে ও ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার (৫৫) ও বাহরাইন (৯২)। বাংলাদেশের অবস্থান ১২৮। আর তুর্কমেনিস্তান রয়েছে ১৪১ নম্বরে। এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে এশিয়া কাপের মূল পর্বে ওঠা কঠিনই হতে পারে লাল-সবুজ দলের জন্য। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি গোলের রেকর্ডধারী খেলোয়াড় সাবিনা খাতুনসহ বেশকিছু সিনিয়র খেলোয়াড় এ দলটিতে নেই।

পিটার বাটলারের বাংলাদেশ দল সম্প্রতি জর্ডান সফরে গিয়ে তিন জাতির টুর্নামেন্টে অংশ নেয়। সেখানে ইন্দোনেশিয়া ও জর্ডানের সঙ্গে ড্র করার কৃতিত্ব দেখান আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল। সেই দুই ড্র দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এবার এশিয়া কাপ বাছাইয়ের কঠিন বৈতরণী পার হওয়ার চ্যালেঞ্জ ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও আফঈদাদের জন্য।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি গোলের রেকর্ডধারী খেলোয়াড় সাবিনা খাতুনসহ বেশকিছু সিনিয়র খেলোয়াড় এ দলটিতে নেই। ২০২৪ সালে নেপালে সাফ জয়ের পর কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্ব তৈরি হয়। কোচের পদত্যাগ দাবি করে তারা আলটিমেটামও দেন। পরে তাদের বাদ দিয়েই পরিকল্পনা সাজাতে থাকেন ইংলিশ কোচ। ঋতুপর্ণা, মনিকার মতো কয়েকজন সিনিয়র ফিরলেও সাবিনা, সানজিদা, মাসুরা পারভিনসহ বেশকিছু খেলোয়াড় এখনো দলে ব্রাত্য। তাদের ছাড়াই আজ কঠিন মিশনে নামছে বাংলাদেশ দল।