সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটা আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটারের রেকর্ড। যদিও মুস্তাফিজের হৃদয়ভঙ্গের মতো ঘটনা ঘটে যাচ্ছে। তাকে ছেড়ে দেয়ার জন্য কেকেআরকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ জন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে সংস্থাটি।
আসামের রাজধানী গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে বলেছেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে। তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’
সাইকিয়া সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি। তবে এটা নিশ্চিত, ভূ-রাজনীতির বলি হচ্ছেন বাংলাদেশের হাইপ্রোফাইল এ ক্রিকেটার।
ভারতের সংবাদমাধ্যমের তথ্যমতে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার অভিযোগের খবর সামনে আসার পর কলকাতার সঙ্গে মুস্তাফিজের মেগা চুক্তি ঘিরে বিতর্ক তৈরি হয়। ভারতে অনেকেই তার আইপিএলে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর বলেন, ‘কেকেআরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে (মুস্তাফিজুর রহমান) দল থেকে সরিয়ে দেয়া উচিত।’ মুস্তাফিজকে কেনায় কলকাতার মালিক ও বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সঙ্গীত সোম।
মুস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের নির্দেশনা পাওয়ার অপেক্ষায় ছিল বিসিসিআই। ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে বিসিসিআইয়ের এক সূত্র সম্প্রতি বলছিলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে অংশ নেয়া থেকে বিরত রাখার বিষয়ে সরকারের তরফ থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি।’ আজ শনিবার সেই নির্দেশনা পাওয়ার কথা জানালেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি মুস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দিতে বলার সিদ্ধান্তের কথা জানালেন।









