সদ্যই নেপাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ শিরোপা ধরে রাখা তারকাদের সংবর্ধনা দেবে ও আর্থিকভাবে পুরস্কৃত করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সংস্থাটির নতুন সভাপতি তাবিথ আউয়াল গতকাল এ কথা জানান। অনেক ব্যক্তি, প্রতিষ্ঠানও মেয়েদের সংবর্ধনা দিতে চায় বলে জানান তাবিথ। মেয়েদের পুরস্কৃত করার বিষয় নিয়ে তিনি বলেন, ‘৯ নভেম্বর আমাদের প্রথম সভায় নির্বাহী কমিটিতে পাস করে মেয়েদের পুরস্কারের ব্যাপারে একটা ঘোষণা দেব।’
গত ২৬ অক্টোবর বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হলেও গতকালই প্রথম কার্যালয়ে আসেন তাবিথ। নির্বাচিত হয়ে তিনি দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকে দেশে ফিরে গতকাল বিকালে প্রথম বাফুফে ভবনে আসেন। এ সময় বাফুফের নতুন নির্বাহী কমিটির অনেকে আসেন।
আগে ছিলেন সহসভাপতি। এবার নতুন পরিচয়ে চার বছর পর বাফুফে ভবনে এসে বাফুফের বেতনভুক্ত কর্মীদের সঙ্গে পরিচিত হয়েছেন তাবিথ। পরিচিত হয়েছেন বাফুফের নতুন নির্বাহী কমিটির সঙ্গেও। সন্ধ্যায় সিনিয়র সহসভাপতি, চার সহসভাপতি ও নির্বাহী কমিটির ১২ সদস্যকে নিয়ে ভবনের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে সাফজয়ী নারী ফুটবল দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফের নতুন সভাপতি।
৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ কমিটি যাত্রা করবে। এ নিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘আজ আমরা সব স্টাফের সঙ্গে বসেছি (দেশের বাইরে থাকায় সাধারণ সম্পাদক ছিলেন না), সর্বোচ্চ স্টাফ থেকে ক্লিনার পর্যন্ত সবার সঙ্গে পরিচিতি সভা করেছি।










