লা লিগায় বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারের
পর লজ্জিতই হয়েছিল রিয়াল মাদ্রিদ খেলোয়াড়, কর্মকর্তা
ও সমর্থকরা। এ সময় ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে আশ্বস্ত করে ইতালিয়ান
কোচ কার্লো আনচেলত্তি বলেন, প্রেসিডেন্ট, চিন্তা করবেন না, আমরা লা
লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিততে চলেছি।
আনচেলত্তির এই ভবিষ্যদ্বানী সত্যি হলো।
শনিবার রাতে প্যারিসের স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে
উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের এটা
১৪তম ইউরোপিয়ান মুকুট। দ্বিতীয় সেরা দল এসি মিলানের চেয়ে ঠিক দ্বিগুণ শিরোপা
মাদ্রিদ জায়ান্টদের। আবার আনচেলত্তিও প্রথম কোচ হিসেবে চারটি চ্যাম্পিয়নস লিগ
শিরোপা জয়ের কীর্তি গড়লেন।
রিয়াল মৌসুমে নিজেদের তৃতীয় শিরোপা জিতল এবং
সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে দলকে আনন্দে ভাসিয়েছেন তিনি। জানুয়ারিতে
রিয়াল জয় করে স্প্যানিশ সুপার কাপ ও ৩০ এপ্রিল লা লিগা শিরোপাও ঘরে তোলে
আনচেলত্তির দল।
তবে লা লিগা জয়ের পথে উত্থান-পতন ছিল। এর মধ্যে অন্যতম ঘরে মাঠে
বার্সেলোনার কাছে ৪-০ গোলের পরাজয়। এটা রিয়ালের গোটা মৌসুমের ওপরই প্রভাব ফেলতে
পারতো। যদিও রিয়াল খেলোয়াড়রা দ্রুতই ঘুরে দাঁড়ায় এবং নিজেদের বিশ্বাস ফিরে পায়।
নিশ্চিতভাবেই এর নেপথ্যে ছিলেন আনচেলত্তি।
এল ক্লাসিকোর পরেরদিন ভালদেবেবাস অনুশীলন
গ্রাউন্ডে পেরেজের সঙ্গে সাক্ষাত করেন আনচেলত্তি। প্রেসিডেন্টের সঙ্গে দুজনের
কথোপকথনের বিষয়টি জানতে পারে মার্কা। সে সময়ই ভবিষ্যদ্বানী করেন ইতালিয়ান কোচ।
তিনি বলেন,
নির্ভার থাকুন প্রেসিডেন্ট, আমরা লা
লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিততে চলেছি।
ইতালিয়ান কোচের কথা ও তার কাজের মধ্যে কোনো
তফাত্ দেখেননি পেরেজ। তাই এ কোচের ভবিষ্যদ্বানীর প্রতিও বিশ্বাস ছিল তার।
ওই হারের পর রিয়াল এমনই জেগে ওঠে যে চার
ম্যাচ হাতে রেখেই জিতে নেয় লা লিগা শিরোপা। আর শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পরই কেবল
তারা হেরেছে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে।
১৪তম মুকুটের পথে ইংল্যান্ডের তিন শীর্ষ দল
চেলসি, ম্যানচেস্টার সিটি ও
লিভারপুলকে হারায় রিয়াল মাদ্রিদ। এছাড়া ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজিও হেরেছে
তাদের কাছে। মার্কা










