ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৩১ বলে ১৩২ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের নুরুল হাসান সোহান। তার সেঞ্চুরিতে ভর করে আগে ব্যাটিংয়ে নামা ধানমন্ডি ৯ উইকেটে ২৭৭ রান তুলতে সমর্থ হয়। জবাব দিতে নেমে শাইনপুকুর ১৮০ রানে গুটিয়ে গেলে ৯৭ রানের জয় পায় ধানমন্ডি।
বিকেএসপির ৩ নম্বর মাঠে ১৩টি বাউন্ডারি ও ৪ ছক্কায় ইনিংসটা সাজিয়েছেন সোহান। এছাড়া হাবিবুর রহমান ৪২ বলে ৪৫ ও সানজামুল ইসলাম ৫৪ বলে ৪০ রান করেন। শাইনপুকুরের রায়ান রাফসান রহমান ৪৫ রানে ৩টি ও রাফিউজ্জামান ৪৬ রানে ২টি উইকেট নেন। এরপর সানজামুল ইসলামের (৪/৪৯) ঘূর্ণি আর কামরুল ইসলাম রাব্বির (৩/২৩) নিয়ন্ত্রিত পেসের সামনে শাইনপুকুর ১৮০ রানে অলআউট হয়ে যায়। রহিম আহমেদ সর্বোচ্চ ৪২ ও মিনহাজুল আবেদিন সাব্বির সর্বোচ্চ ৩৫ রান করেন।
এদিকে, মিরপুরে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২২১ রানের পুঁজি গড়ে গুলশান। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৭৯ বলে ৬২ রান করেন। এছাড়া ইফতেখার হোসেন ইফতি ৩২, নাঈম ইসলাম ২৭ ও লিটন কুমার দাস ২২ রান করেন। জবাব দিতে নেমে ৪৩.২ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় পারটেক্স।









