আর্সেনালের জয় তখন অনেকটাই নিশ্চিত। প্রথমার্ধে উইলিয়াম সালিবা ও গ্যাব্রিয়েল জেসুস এবং দ্বিতীয়ার্ধে ফ্যাবিও ভিয়েইরার গোলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কোচ মিকেল আর্তেতা অ্যাটাকিং মিডফিল্ডার ভিয়েইরাকে তুলে নেন। ৯১ মিনিট ২ সেকেন্ডে তার বদলি হিসাবে মাঠে নামানো হয় ইথান নুয়ানেরিকে। আর এতেই দারুণ এক ইতিহাস গড়েন ইংল্যান্ডের এই মিডফিল্ডার। ৩ মিনিট ৪২ সেকেন্ডের জন্য মাঠে নেমে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে নাম লিখিয়েছেন তিনি।

মাত্র ১৫ বছর ১৮১ দিন বয়সে প্রিমিয়ার লিগে অভিষেক হয় ইংল্যান্ড ফুটবলারের। এতে তিনি ভেঙে দেন স্বদেশী হার্ভে এলিয়টের রেকর্ড। ২০১৯ সালের ৪ মে ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়ে তার অভিষেক হয়েছিল ১৬ বছর ৩০ দিন বয়সে।

এছাড়াও প্রতিযোগিতাটিতে আর্সেনালের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন নুয়ানেরি। এতদিন এই রেকর্ডটি ছিল জ্যাক উইলশেয়ারের। ১৬ বছর ২৫৬ দিন বয়সে আর্সেনাল সিনিয়র দলে তার অভিষেক হয়েছিল।

২০০৭ সালের ২১ মার্চ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন নুয়ানেরি। নাইজেরিয়ান বাবা-মায়ের সন্তান এই ফুটবলার ৯ বছর বয়সে যোগ দেন আর্সেনালের একাডেমিতে। খেলেন তাদের বয়সভিত্তিক দলে। চলতি মাসে প্রথমবার মূল দলে ডাক পান তিনি। এবার হয়ে গেল স্বপ্নের অভিষেকও।

চলতি মৌসুমে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে আর্সেনাল। ৭ ম্যাচে ছয়টিতে জয় ও এক পরাজয়ে ১৮ পায়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট করে নিয়ে পরের দুইয়ে ম্যানচেস্টার সিটি ও তিনে টটেনহ্যাম হটস্পার।