আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল-২০২৫) প্রধান স্পন্সর হলো ডাচ্-বাংলা ব্যাংক, সঙ্গে পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে ডাচ্-বাংলা ব্যাংকেরই দুটি গ্রাহকপ্রিয় সেবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ।
গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ১১তম বিপিএলের লোগো উন্মোচন করা হয়। ১১তম বিপিএল আসরের নাম ‘ডাচ্-বাংলা ব্যাংক বিপিএল টি-টোয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর নেক্সাসপে’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম, টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন এবং বিপিএলের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রার পক্ষে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
ডাচ্-বাংলা ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক বেশ পুরনো। ২০০০ সালে বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট আয়োজন হয়েছিল ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায়।
এছাড়া দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলের হোম সিরিজের টাইটেল স্পন্সর ছিল ডাচ্-বাংলা ব্যাংক। এবারই প্রথম বিপিএল আয়োজনে সম্পৃক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে দেশের ক্রিকেট উন্নয়নে তাদের সম্পৃক্ততা আরো জোরদারের পাশাপাশি মজবুত ব্যাংকিং ভিত্তি নিয়ে যেমন দেশ ও মানুষের অর্থনৈতিক নিশ্চয়তায় কাজ করছে তেমনি দেশের ক্রিকেটের ভিত্তি মজবুত করতেও তাদের কাজ চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
১১তম বিপিএল শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। শেষ হবে ৭ ফেব্রুয়ারি ২০২৫। খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। এবার অংশ নেবে সাতটি দল। খেলা সরাসরি দেখা যাবে টি স্পোর্টস, গাজী টিভি, টি স্পোর্টস অ্যাপ ও র্যাবিট হোল অ্যাপে।










