ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রোববার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮ উইকেটে ৪২২ রানের সৌধ গড়ে ইতিহাস সৃষ্টি করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রিমিয়ার লিগে তারাই প্রথম দল হিসেবে চারশ রান তোলার কীর্তি গড়ে। ওই ম্যাচে প্রাইম ব্যাংক ১৭৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে। একদিন পরই আজ সোমবার প্রিমিয়ার লিগে দেখা গেল রানখরা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ৪২২ রান তুললেও আজ একই মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জবাবে মাত্র ৯.৩ ওভারে বিনা উইকেটে ৭৫ রান তুলে জয় নিশ্চিত করে রূপগঞ্জ।
আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২২২ রানে অলআউট গুলশান ক্রিকেট ক্লাব। জাতীয় দলের তারকা লিটন দাস সর্বোচ্চ ৬০ রান করেন ৬২ বলের মোকাবেলায়। জবাব দিতে নেমে ইমরানুজ্জামান (৭৫) ও অমিত হাসানের (৬৩) ফিফটিতে ৬ উইকেটের জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
আজ শুধু একটি ম্যাচে তিনশ ছুঁই ছুঁই রান উঠেছে। বিকেএসপির ৪ নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হক বিজয় (৬৯) ও শামসুর রহমান (৬০) ফিফটি করেন। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব ৩০ বলে ৪৪ ও তোফায়েল আহমেদ ২০ বলে ৩৩ রান করেন। জবাব দিতে নেমে ৩৪.২ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল ধানমন্ডি।










