গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতে টেনিস বিশ্বে পাদপ্রদীপের আলোয় আসা পোলিশ খেলোয়াড় ইগা সিয়ানতেক প্রিয় গ্রাউন্ডে আবারো উঠলেন ফাইনালে। আজ ২০তম বাছাই রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে ৬-২, ৬-১ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নিলেন ২১ বছর বয়সী খেলোয়াড়। এটা ফ্রেঞ্চ ওপেনে তার দ্বিতীয় ফাইনাল। ফাইনালে তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের ১৮ বছর বয়সী কোকো গাফের বিপক্ষে।  

 

দুর্দান্ত ফর্মে থাকা সিয়ানতেক সর্বশেষ ৫৬টি সেটের মধ্যে ৫৪টিতেই জিতলেন। আর রোলাঁ গারোঁয় চলতি মিশনে মাত্র এক সেট হেরেছেন। এটা পোলিশ তারকার টানা ৩৪তম জয়। এর মধ্য দিয়ে তিনি সেরেনা উইলিয়ামসকে ছুঁয়ে ফেললেন। আরেকটি জয় পেলেই তিনি চলতি শতকে নারীদের টেনিসে টানা সর্বোচ্চ জয়ের ভেনাস উইলিয়ামসের রেকর্ডও ছুঁয়ে ফেলবেন। ফাইনালে শিরোপা জিতলে যুগ্মভাবে রেকর্ডের মালিক হয়ে যাবেন টেনিসের এই উদীয়মান শক্তি।

 

ভেনাস ২০০০ সালে টানা ৩৫ ম্যাচ ও সেরেনা ২০১৩ সালে টানা ৩৪ ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন। অবশ্য সব মিলে টানা ৭৪ ম্যাচ জয়ের অবিশ্বাস্য কীর্তি রয়েছে আমেরিকান কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভার (১৯৮৪ সাল)। এছাড়া জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফ টানা ৬৬ ম্যাচ ও নাভ্রাতিলোভা টানা ৫৮ ম্যাচ জিতেছেন।

 

আজ জয় শেষে তিয়ানতেক বলেন, এটা আমার জন্য খুবই স্পেশাল আর আবেগের মুহূর্ত। ফিট থেকে এই অবস্থানে পৌঁছতে পেরে আমি কৃতজ্ঞ।

 

শনিবার মেয়েদের ফাইনালে কোকো গাফের মুখোমখি হবেন সিয়ানতেক। আজ দ্বিতীয় সেমিফাইনালে ইতালির মার্টিনা ট্রেভিসানকে ৬-৩, ৬-১ গেমে হারান কোকো। এটা তার প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল।