উইম্বলডনে টানা চতুর্থ শিরোপা জয়ের অভিযানে দুর্বার গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনারকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালে ৫-৭, ২-৬, ৬-৩, ৬-২ ও ৬-২ গেমে সিনারকে হারান তিনি। প্রথম দুই সেটে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান নোভাক। পরের তিন সেটে সুযোগই দেননি ২০ বছর বয়সী সিনারকে।
আগামী শুক্রবার সেমিফাইনালে ব্রিটিশ টেনিস তারকা ক্যামেরন নরির বিপক্ষে লড়বেন জোকোভিচ। বেলজিয়ামের ডেভিড গফিনকে ৩-৬, ৭-৫, ২-৬, ৬-৩, ৭-৫ গেমে হারান নরি। ২০১৬ সালের পর এই প্রথম উইম্বলডন সেমিফাইনালে উঠলেন কোনো ব্রিটিশ খেলোয়াড়।
এদিকে আজ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে রাফায়েল নাদাল মুখোমুখি হচ্ছেন আমেরিকান খেলোয়াড় টেলর ফ্রিটজের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। গত জুনে ফ্রেঞ্চ ওপেনে ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন স্প্যানিশ তারকা নাদাল। এবার উইম্বলডনেও অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন তিনি।










