সেন্ট লুসিয়া টেস্টে শুক্রবার প্রথম দিন ১৯১
রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ দল যখন ধুঁকছিল তখন ব্যাট হাতে দারুণ নৈপুন্য দেখান
তরুণ শরিফুল ইসলাম। নবম উইকেটে এবাদত হোসেনকে নিয়ে ৩৬ রানের পার্টনারশিপ গড়ে দলের
সংগ্রহটা দুশ পার হতে সাহায্য করেন এই বামহাতি ব্যাটার। ব্যাটিংয়ের পর বোলিংয়েও
আলো ছড়ান শরিফুল। বিনা উইকেটে ৬৭ রান নিয়ে আজ শনিবার দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা
ওয়েস্ট ইন্ডিজ শতরান তুলে নেয় ২৬তম ওভারে। ঠিক এই সময় জন ক্যাম্পবেলকে আউট করে বাংলাদেশকে
প্রথম সাফল্য এনে দেন তিনি।
ক্রেগ ব্র্যাথওয়েটকে নিয়ে ১০০ রানের দারুণ
এক পার্টনারশিপ গড়ে তোলেন ক্যাম্পবেল। দুজন যখন বিপজ্জনক হয়ে ওঠেন যখন এ জুটি
ভাঙেন শরিফুল। তার বাউন্স করা গতির বল ক্যাম্পবেলের ব্যাট ছুয়ে আশ্রয় নেয়
উইকেটকিপার নুরুল হাসান সোহানের বিশ্বস্ত হাতে।
আউট হওয়ার আগে ৭৯ বলে ৬ বাউন্ডারির সাহায্যে
৪৫ রান করেন ক্যাম্পবেল।
আজ এ প্রতিবেদন লেখার সময় স্বাগতিকদের
সংগ্রহ ছিল ৩১ ওভারে ১ উইকেটে ১১৭ রান। ব্র্যাথওয়েট ৪৬ ও রেমন রেইফার ১৩ রানে
ব্যাট করছিলেন।
এর আগে লিটন কুমার দাসের হাফসেঞ্চুরিতে ভর
করে ২৩৪ রান তোলে বাংলাদেশ। এছাড়া তামিম ইকবাল ৪৬, নাজমুল
হোসেন শান্ত ২৬, শরিফুল ২৬
ও এনামুল হক বিজয় ২৩ রান করেন। শরিফুল শেষ দিকে মাত্র ১৭ বলে ৫ বাউন্ডারিতে ২৬
রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন। ২১ রানে অপরাজিত থাকেন এবাদত। দুই টেল-এন্ডের দৃঢ়তায় বাংলাদেশ পায় ২৩৪ রানের পুঁজি।









