সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে প্রথমার্ধেই ভুটানকে ৫ গোল দিয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ রোববার দুপুরে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় সাবিনা খাতুনের দল। ৫-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
অষ্টম মিনিটে ঋতুপর্ণার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে তার বাম পায়ের গতিময় শটে জল আশ্রয় নেয় ভুটানের জালে (১-০)। এরপর ১৫ মিনিটে ১০ নম্বর জার্সি পরিহিত তহুরা খাতুনের অবিশ্বাস্য এক গোল। তিনিও বক্সের সামান্য বাইরে থেকে বাম পায়ের শটে গোল করেন (২-০)। ম্যাচের ২৬ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন অধিনায়ক সাবিনা।
কিছু সময় পর দুই মিনিটের ব্যবধানে আরো দুই গোল পেয়ে যায় বাংলাদেশ। ৩৫ মিনিটে তহুরা ও ৩৭ মিনিটে সাবিনা লক্ষ্যভেদ করলেও ৫-০তে এগিয়ে যায় বাংলাদেশ। ৪১ মিনিটে দেকি লাজোম ভুটানের হয়ে গোল করে ব্যবধান কমান (৫-১)। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে একাই করেন ৫ গোল।
২০২২ সালে সাফের চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারায় বাংলাদেশ।










