বিপিএল চালুর আগে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আগামীকাল। এ আসর সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়কদের ফটোসেশন ছিল গতকাল। সেখানে ঠিকমতো পারিশ্রমিক পরিশোধের দাবি তুলেছেন তামিম ইকবাল।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগকে আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার—খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, সব ঠিক আছে। কিন্তু ক্রিকেটারদের পেমেন্ট যেন নিশ্চিত করে সব ক্লাব। প্রতিটি ক্রিকেটার যেন পারিশ্রমিক পায়। এটাই আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি, এখন আমাদের দেশের পরিস্থিতি একটু ভিন্ন আগের চেয়ে। সবদিক থেকেই বিপিএল বলেন, এই লিগ, ক্রিকেটারদের ভুগতে হয়েছে অনেক। আমি আশা করব, ক্লাবগুলো যে কমিটমেন্ট করেছে, ক্রিকেটাররা যেন সেই টাকা পায়। আমার কাছে, এটিই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। অবশ্যই চাইব খেলাটা ভালো হোক, আম্পায়ারিং নিয়ে যেসব অভিযোগ থাকে, বোর্ড যেন খেয়াল রাখে। তবে আবারো বললাম, আমার কাছে সবকিছুর ওপরে থাকবে ক্রিকেটাররা যেন পারিশ্রমিক ঠিকমতো পায়।’
রাজনৈতিক পালাবদলের জন্য এবার বিপিএলে যেমন পারিশ্রমিক কমেছে, তেমনি ঢাকা প্রিমিয়ার লিগেরও কমেছে অনেক। দলবদলের সময় অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেছেন, অনেক ক্রিকেটার গতবারের তুলনায় এবার ৩০ শতাংশ পারিশ্রমিকও পাচ্ছেন না। যে টাকার চুক্তি হয়েছে, সেটিও শতভাগ পাওয়া নিয়ে শঙ্কা আছে ক্রিকেটারদের অনেকেরই। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন বলেন, ‘ক্রিকেটাররা এবার অনেক ত্যাগ স্বীকার করেছে। যে পরিমাণ অর্থ পাওয়ার কথা, সেখান থেকে অনেক ছাড় দেয়া হয়েছে। যে পরিমাণ টাকা ঠিক করা হয়েছে, অন্তত সেই পরিমাণটুকু যেন সবাই পায়।’
১২ দলের আসরে ৮৪ ম্যাচের সবক’টিই সরাসরি সম্প্রচারিত হবে এবার। টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে কিছু ম্যাচ, বাকি ম্যাচগুলো দেখানো হবে ইউটিউব ও ডিজিটাল প্লাটফর্মে।










