যৌন হেনস্তার অভিযোগ অস্ট্রেলিয়ায় গ্রেফতার হয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা। টি২০ বিশ্বকাপ চলাকালে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। খবর বিবিসি।

গতকাল শনিবার গুনাথিলাকাকে নিজ দলের হোটেল থেকে গ্রেফতার করা হয়। আজ রোববার সিডনিতে আবেদন জানানো হলেও আদালত জামিন দিতে অস্বীকৃতি জানায়।

৩১ বছর বয়সী গুনাথিলাকার বিরুদ্ধে গত ২ নভেম্বর ২৯ বছর বয়সী এক নারী যৌন হেনস্তার অভিযোগ করেন।

গতকাল ইংল্যান্ডের কাছে চার উইকেটে পরাজিত হয় শ্রীলঙ্কা। এর কয়েক ঘণ্টা পর এ ক্রিকেটারকে গ্রেফতার করা হয়।

গুনাথিলাকা গত ২০ অক্টোবর ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও অস্ট্রেলিয়ার স্কোয়াডেই ছিলেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ বলছে, একটি ডেটিং অ্যাপে বেশ কয়েকদিন যোগাযোগের পর তিনি ওই নারীর সঙ্গে দেখা করেছিলেন।

শ্রীলঙ্কা ক্রিকেট দল একটি বিবৃতিতে বলেছে, গুনাথিলাকার বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতে পাঠানো হবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।