উয়েফা নেশন্স লিগে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর এবার চেক
রিপাবলিকের সঙ্গেও ড্র করল স্পেন। রোববার রাতে চেক রিপাবলিকের মাঠে ম্যাচটি ড্র হয়
২-২ গোলে।
গতকাল অবশ্য হারতে হারতে শেষ পর্যন্ত ড্র করতে সমর্থ হয় স্পেন। ইনিগো
মার্তিনেজ ম্যাচের ৯০ মিনিটে গোল করে স্পেনকে এক পয়েন্ট এনে দেন। অ্যাথলেটিক
বিলবাও ডিফেন্ডার হেডে গোলটি করেন।
জাকুব পেসেক চতুর্থ মিনিটে গোল করে চেকদের এগিয়ে নেন। প্রথমার্ধের যোগ
করা সময়ে গোল করে সমতা আনেন বার্সেলোনার খেলোয়াড় গাভি। এটা তার প্রথম আন্তর্জাতিক
গোল। ৬৬ মিনিটে ইয়ান কুচতার গোল আবারো চেকদের এগিয়ে দেয়। এরপর ম্যাচের শেষ
মুহূর্তে গোল করেন মার্তিনেজ।
ম্যাচের এই ফল স্বাগতিকদের জন্য ছিল প্রচণ্ড হতাশাজনক। সুইজারল্যান্ডকে
২-১ গোলে হারিয়ে নেশন্স লিগ শুরু করা চেকরা টানা দ্বিতীয় জয়ের পথেই ছিল। যদিও
স্পেনের শেষ মুহূর্তের গোল তাদের জয়বঞ্চিত করে।
রোববার গ্রুপ-টুর আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে
হারিয়েছে পর্তুগাল। জোড়া গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ জয়ের পর দুই ম্যাচ থেকে
চার পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে অবস্থান করছে পর্তুগাল, সমান পয়েন্ট
নিয়ে দুইয়ে চেক। তিনে থাকা স্পেনের ঝুলিতে দুই পয়েন্ট। টেবিলের শীর্ষ দুই দল
বৃহস্পতিবার মুখোমুখি হবে, একই দিন স্পেন খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
আজ রাতে গ্রুপ-১ এ ফ্রান্স খেলবে ক্রোয়েশিয়ার মাঠে, আর অস্ট্রিয়া
নিজেদের মাঠে মুখোমুখি হবে ডেনমার্কের। ফ্রান্স প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছে
ডেনমার্কের কাছে আর অস্ট্রিয়া ৩-০ গোলে হারায় ক্রোয়েশিয়াকে।
১৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের শীর্ষ দল উঠবে
সেমিফাইনালে।










