কাতার বিশ্বকাপের শিরোপাপ্রত্যাশী ব্রাজিল দলে ফের হানা দিয়েছে চোট। গোড়ালির লিগামেন্টে চোটের কারণে নেইমার গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছেন আগেই। এবার নতুন দুঃসংবাদ শুনল ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে কোমরে চোট পান ব্রাজিলের ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো। তাই ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে খেলতে পারবেন না জুভেন্টাসের এই লেফটব্যাক।

ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, সুইসদের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান সান্দ্রো। পরীক্ষা-নিরীক্ষার পর দেখে গেছে বাম কোমরের পেশীতে চোট পেয়েছেন। ফলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে তার খেলা হচ্ছে না।

সান্দ্রোর না থাকা ব্রাজিলের জন্য ধাক্কার। চোটের কারণে এরই মধ্যে বাইরে রয়েছেন নেইমার ও রাইট ব্যাক দানিলো। গোড়ালির চোটে আপাতত গ্রুপ পর্বে তাদের খেলা হচ্ছে না। তবে লাসমার বলেছেন, দুজনের চিকিৎসা ভালো মতো চলছে এবং তারা নকআউট পর্বের জন্য যথেষ্ট উন্নতিও করছেন।