পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের ফাইনালে মুলতান সুলতানসকে ৪২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। পাকিস্তান জাতীয় দলের সাবেক তারকা ৪১ বছর বয়সী মোহাম্মদ হাফিজের অলরাউন্ড নৈপুন্যে প্রথমবারের মতো শিরোপা জিতল লাহোর। আর টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সবচেয়ে কমবয়সী অধিনায়ক হিসেবে শিরোপা জেতার রেকর্ড গড়েছেন লাহোরের শাহিন শাহ আফ্রিদি (২১ বছর)।

 

রোববার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করে পাঁচ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮০ তোলে লাহোর। জবাবে ১৯.৩ ওভারে ১৩৮ রানে অলআউট মুলতান।

 

১৮১ রানের টার্গেটে খেলতে নেমে মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদ ভালো সূচনা করেন। কিন্ত চতুর্থ ওভারে মোহাম্মদ হাফিজের বলে রিজওয়ান বিদায় নিলে মুলতানের ইনিংসে বড় আঘাত আসে (৩৬/১)। সেখান থেকে একপর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৩। টিম ডেভিড ও খুশদিল শাহ জুটিতে ৫১ রানের প্রতিরোধ গড়লেও তা কাজে লাগেনি। ডেভিড ২৭ ও খুশদিলের ব্যাট থেকে আসে ৩২ রান। এছাড়া আগে-পরে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ১৩৮ রানে অলআউট হয়ে যায় তারা। লাহোরের বোলারদের মধ্যে আফ্রিদি তিনটি, মোহাম্মদ হাফিজ ও জামান খান দুটি করে উইকেট নেন।

 

এর আগে মোহাম্মদ হাফিজের ৪৬ বলে ৬৯, হ্যারি ব্রুকের ২২ বলে ৪১ ও ডেভিড উইজের ৮ বলে ২৮ রানে ভর করে ১৮০ রানের বড় সংগ্রহ পায় লাহোর। মুলতানের হয়ে তিনটি উইকেট নেন আসিফ আফ্রিদি।

 

ব্যাট-বলে সেরা পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন হাফিজ। টুর্নামেন্ট সেরা হয়েছেন মুলতানের মোহাম্মদ রিজওয়ান। সর্বোচ্চ রান সংগ্রাহক ফখর জামান (৫৮৮) ও সর্বোচ্চ উইকেট শিকারি লাহোরের অধিনায়ক আফ্রিদি (২০)।

 

এ টুর্নামেন্টে খেলা ছয়টি ফ্র্যাঞ্চাইজির পাঁচটি আগেই শিরোপা জিতেছিল। শিরোপা ছোঁয়া বাকি ছিল শুধু লাহোরের। অবশেষে লাহোর শিরোপা জেতায় পিএসএল পেল ছয় চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিকে।