ইংলিশ প্রিমিয়ার লিগে আজ লন্ডন ডার্বির উত্তাপ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় চেলসির মাঠে খেলতে নামছে আর্সেনাল।
স্টামফোর্ড ব্রিজে আজ ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে চার ও পাঁচ নম্বরের লড়াই। চেলসি ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চারে ও আর্সেনাল ১০ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে। টেবিলের শীর্ষ তিনটি স্থান যথাক্রমে লিভারপুল (২৫), ম্যানচেস্টার সিটি (২৩) ও নটিংহ্যাম সিটির (১৯)।
এবার প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় চেলসি। অবশ্য এরপরের ৯ ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতে হেরেছে। প্রিমিয়ার লিগে সর্বশেষ ২৫ ম্যাচের মধ্যে ব্লুজরা হেরেছে শুধু আর্সেনাল, ম্যানসিটি ও লিভারপুলের কাছে।
মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে আর্সেনাল। এখন পর্যন্ত ১৯৩ ম্যাচের লড়াইয়ে গানাররা ৭৬টিতে ও চেলসি ৬২টিতে জয় পায়। ড্র হয় ৫৫টি লড়াই। সাম্প্রতিক লড়াইগুলোয়ও আর্সেনাল এগিয়ে। সর্বশেষ ১০ বারের মুখোমুখিতে চেলসি মাত্র একটি জয় পেয়েছে। সর্বশেষ ২০২১ সালের আগস্টে এমিরেটসে তারা ২-০ গোলের জয় তুলে নেয়। আর্সেনালের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে জিততে ব্যর্থ হয়েছে চেলসি। এ সময় তারা তিনটি ম্যাচে হেরেছে, ড্র হয় দুটি।
গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোট পান কোল পালমার। চেলসি আশাবাদী আজ ম্যাচের আগে যথাসময়ে তিনি সেরে উঠবেন। মধ্য অক্টোবরের পর খেলতে না পারা জ্যাডন সাঞ্চোকেও আজ দেখা যেতে পারে মাঠে।
ইংলিশ মিডফিল্ডার ডিক্লান রাইসের অপেক্ষায় থাকবে আর্সেনাল। গত সপ্তাহে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে তিনি পায়ের পাতার চোটে পড়েন। আগস্টের পর ইন্টার ম্যাচে প্রথমবারের মতো খেলা মার্টিন ওডেগার্ড ওই ম্যাচে সামান্য চোট পান। আজ তাকেও একাদশে পাওয়ার অপেক্ষায় গানার কোচ মিকেল আরতেতা।
জার্মান তারকা কাই জাভার্টজও মাথার চোটে পড়েন এবং তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ম্যানেজমেন্ট। হাফ টাইমে অসুস্থতার কারণে তুলে নেয়া হয়েছিল মিকেল মেরিনোকেও। চেলসি থেকে ধারে আর্সেনালে খেলছেন রহিম স্টার্লিং। ফলে লিগের নিয়মানুযায়ী, প্যারেন্ট ক্লাবের বিপক্ষে আজ তিনি খেলতে পারবেন না।
আজ ম্যানইউ ঘরের মাঠে খেলবে লেস্টার সিটির বিপক্ষে, টটেনহ্যাম আতিথ্য দেবে ইপ্সউইচকে। লা লিগায় আজ রাত ২টায় বার্সেলোনা খেলবে রিয়াল সোসিয়েদাদের মাঠে। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা।










