অস্ট্রেলিয়ায় চলমান টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে টানা দ্বিতীয়দিনের মতো অঘটনের জন্ম হলো। হোবার্টের বেলেরিভ ওভালে আজ ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড। ক্যারিবিয়ানদের সঙ্গে প্রথম সাক্ষাতেই তাদের হারানোর কৃতিত্ব দেখাল স্কটিশরা।

 

আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৬০ রান তোলে স্কটল্যান্ড। দলটির ওপেনার জর্জ মুনসে ৫৩ বলে ৯ বাউন্ডারির সাহায্যে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। এছাড়া ক্যালাম ম্যাকলিওড ২৩ ও মাইকেল জোনস ২০ রান করেন। জেসন হোল্ডার ও আলজারি জোসেফ দুটি করে উইকেট নেন।

 

জবাব দিতে নেমে তারকাখচিত ওয়েস্ট ইন্ডিজ যেন অচেনা এক দল। ১১ ব্যাটারের মধ্যে মাত্র চারজন দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। সর্বোচ্চ ৩৮ রান করেছেন হোল্ডার। এছাড়া কাইল মায়ার্স ২০ রান করেন। স্পিন দিয়েই ক্যারিবিয়ানদের ঘায়েল করে স্কটিশরা। মার্ক ওয়াট (৩/১২), ব্র্যাড হুইল (২/৩২) ও মাইকেল লিয়াস্ক (২/১৫) ঘূর্ণিতে বিভ্রান্ত করেন ব্যাটিং শক্তিধর ওয়েস্ট ইন্ডিজকে। ২০১২ ও ২০১৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ১৮.৩ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায়। ম্যাচসেরা হয়েছেন মুনসে।

 

আজ ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। বুধবার ওয়েস্ট ইন্ডিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে, আর স্কটল্যান্ড মুখোমুখি হবে আয়ারল্যান্ডের।

 

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে লড়ছে টি২০ বিশ্বকাপের সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। প্রথম রাউন্ডের খেলাগুলো হবে ভিক্টোরিয়ার বন্দরনগরী জিলংয়ের কারদিনিয়ায় ও হোবার্টের বেলেরিভ ওভালে। ‘এ’ গ্রুপের খেলা জিলংয়ে আর ‘বি’ গ্রুপের খেলা হবে হোবার্টে।

 

প্রথম রাউন্ড শেষে শুরু হবে সুপার টুয়েলভ রাউন্ডের রোমাঞ্চ। যেখানে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে যুক্ত হবে প্রথম রাউন্ড থেকে আসা দুটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হবে প্রথম রাউন্ডের বৈতরণী পার হয়ে আসা দুটি দল।

 

২২ অক্টোবর স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভ পর্ব। এটি ২০২১ আইসিসি টি২০ বিশ্বকাপেরই পুনরাবৃত্তি যেন। গত বছর দুবাই ফাইনালে লড়েছিল এই দুটি দল, যাতে শেষ হাসি হাসে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। এটি ২০১৫ বিশ্বকাপ ফাইনালেরও পুনরাবৃত্তি, যখন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ট্রান্স-তাসমান ফাইনাল কিউইদের হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল অজিরা।

 

পরদিন ২৩ অক্টোবর ক্রিকেটের দুনিয়া কাঁপানো ভারত-পাকিস্তান লড়াই। বৈশ্বিক মঞ্চে ২০২১ সালের আগে কখনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। যদিও বাবর আজমের বর্তমান দলটি অনেক উদ্দীপ্ত, যারা গতবার টি২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারানোর কৃতিত্ব দেখায়। এবারো শুরুর দিকেই মুখোমুখি হবে দুই এশিয়ান জায়ান্ট, ক্রিকেটের দুই চিরবৈরি দল। সদ্যই নিউজিল্যান্ডের মাঠে ত্রিদেশীয় টি২০ সিরিজ জিতে নিয়ে বাবর-রিজওয়ানরা এ মুহূর্তে ভীষণ উদ্দীপ্তও।

 

প্রথম রাউন্ডে ১২টি, সুপার টুয়েলভ পর্বে ৩০টি এবং সেমিফাইনাল ও ফাইনাল মিলে মোট ৪৫টি ম্যাচ থাকছে অষ্টম টি২০ বিশ্বকাপে। ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের শিরোপার মীমাংসা হবে।

আগের সাত আসরে ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ দুবার শিরোপা জিতেছে। এছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া একবার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।