ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ লা লিগার একাদশ রাউন্ডের খেলায় আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। এল ক্ল্যাসিকোতে বার্সেলোনাকে আতিথ্য দেবে তারা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ১ টায়।

ইউরোপের ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা এল ক্ল্যাসিকো কেন্দ্র করে উত্তেজনার পারদ সবসময় চড়াই থাকে। সব ধরণের প্রতিযোগিতায় এই দুই দল ২৫৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদ ১০৬টি জয় পেয়েছে, বার্সার জয় ১০০টি। ৫১টি ম্যাচ ড্র হয়েছে। লা লিগায় এই দুই দল ১৮৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদ ৭৯টি জয় ও বার্সেলোনা ৭৪টি জয় পেয়েছে এবং ৩৫টি ম্যাচ ড্র হয়েছে।

লা লিগার এবারের মৌসুমে সমান সংখ্যক ১০টি ম্যাচে বার্সেলোনা ৯টি জয় ও একটি হারে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে এবং রিয়াল মাদ্রিদ ৭টি জয় ও ৩টি ড্র’তে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

এই ম্যাচটি ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের প্রথম এল ক্ল্যাসিকো হতে চলেছে, যিনি এই বছরের জুনে চমক দেখিয়ে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখান।

এই ম্যাচ ঘিরে রিয়াল মাদ্রিদের সামনে রয়েছে বেশকিছু রেকর্ড গড়ার হাতছানি। আজ রাতে জিতলে বা ড্র করলে রিয়াল মাদ্রিদ লা লিগার ইতিহাসে দীর্ঘতম সময় অপরাজিত থাকার রেকর্ড (৪৩ ম্যাচ) স্পর্শ করতে পারে, যা ২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত বার্সেলোনা গড়েছিল। রিয়াল মাদ্রিদ লিগে সর্বশেষ গত বছরের ২৫ সেপ্টেম্বর নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরেছিল। তাদের অপরাজিত থাকার ধারা এখন লা লিগায় ৪২ ম্যাচে গিয়ে দাঁড়িয়েছে, যার মধ্যে ৩১টি জয় এবং ১১টি ড্র।

রিয়াল মাদ্রিদ এল ক্ল্যাসিকোতে টানা পাঁচ জয়ের রেকর্ড গড়ার পথে রয়েছে, যা শেষ ৫৯ বছরে দ্বিতীয়বারের মতো রেকর্ড হতে পারে। তারা এর আগে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচটি ম্যাচ জিতেছিল। কার্লো আনচেলত্তি এল ক্ল্যাসিকোর ইতিহাসে টানা পাঁচটি বা তার বেশি ম্যাচে জয়ী হওয়া তৃতীয় কোচ হতে পারেন। এর আগে মিগেল মুনোজ (১৯৬২ থেকে ১৯৬৫) পর্যন্ত সাতটি জয় এবং পেপ গার্দিওলা (২০০৮ থেকে ২০১০) পর্যন্ত পাঁচটি জয় নিয়ে এই কীর্তি অর্জন করেন।

নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতেছে (একটি পরাজয়) এবং শেষ দুটি ম্যাচে জয়ী হয়েছে। ১৯৮৮ থেকে ১৯৯১ পর্যন্ত জয়ের ধারায় টানা চারটি হোম ক্ল্যাসিকো জিতেছিল রিয়াল মাদ্রিদ।

এদিকে, চোট সমস্যায় রিয়াল মাদ্রিদ আজকের ক্ল্যাসিকোতে গোলরক্ষক থিবো কোর্তোয়া, সেন্টার-ব্যাক ডেভিড আলাবা, অধিনায়ক দানি কার্ভাহাল ও ফরওয়ার্ড রদ্রিগোকে ছাড়াই খেলতে নামবে। অন্যদিকে, বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও গুরুত্বপূর্ণ ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর খেলা হচ্ছে না।