শেষ হয়েছে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বাছাইপর্বের শেষ ম্যাচে ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে মুখোমুখি হয়েছিল কনকাকাফ (মধ্য ও উত্তর আমেরিকা) অঞ্চলের কোস্টারিকা। ভালো খেলেও ম্যাচটি ১-০ গোলে হেরেছে কিউইরা। এতে তাদের বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ হয়ে গিয়েছে। কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলার সর্বশেষ জয়াগাটি (৩২তম) দখল করেছে কোস্টারিকা।


কোস্টারিকা ২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপসহ চারটি আসরে খেলেছে দলটি। নিউজিল্যান্ড ১৯৮২ ও সর্বশেষ ২০১০ সালের বিশ্বকাপ খেলেছিল। দু’বারই গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছে কিউইরা।


কোস্টারিকা বিশ্বকাপে খেলবে ‘ই’ গ্রুপে ইউরোপের ফুটবল পরাশক্তি স্পেন, জার্মানি ও এশিয়ার পরাশক্তি জাপানের সঙ্গে। এর মধ্য দিয়েই চূড়ান্ত হয়ে গিয়েছে আসন্ন কাতার বিশ্বকাপের ৩২টি দল। ইউরোপ (উয়েফা) থেকে ১৩টি দল জায়গা করেছে এবারের বিশ্বকাপে। দলগুলো হলো- নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ওয়েলস, ফ্রান্স, ডেনমার্ক, পোল্যান্ড, স্পেন, জার্মানি, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, সার্বিয়া ও পর্তুগাল।


দক্ষিণ আমেরিকার অঞ্চল (কনমেবল) থেকে চারটি দল- ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডর জায়গা করে নিয়েছে। মধ্য ও উত্তর আমেরিকা (কনকাকাফ) থেকে চারটি দল- যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো ও কোস্টারিকা কাতার বিশ্বকাপে খেলবে।


আফ্রিকা (ক্যাফ) থেকে পাঁচটি দল- সেনেগাল, তিউনিসিয়া, মরক্কো, ক্যামেরুন ও ঘানা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। আয়োজক কাতারসহ এশিয়ান কনফেডারেশন থেকে ছয়টি দল জায়গা পেয়েছে। দলগুলো হলো- কাতার, ইরান, সৌদি আরব, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।


৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। দেখে নিন- কোন দল কোন গ্রুপে আছে-


গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর

গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস

গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা

গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন

গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা