ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে পিটাবরা ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। দলের পক্ষে একটি করে গোল করেছেন রিয়াদ মাহরেজ ও জ্যাক গ্রিয়েলিশ। অপরদিকে অতিরিক্ত সময়ে জশ কোবার্নের একমাত্র গোলে টটেনহ্যাম হটস্পারকে বিদায় করে শেষ আটে উঠেছে মিডলসব্রো (১-০)। স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টারে ওঠে ক্রিস্টাল প্যালেস।
মঙ্গলবার দিবাগত রাতে ওয়েস্টেন হোমস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ম্যানসিটির অধিনায়ক করা হয়েছিল ইউক্রেনের ফুটবলার আলেকজান্ডার জিনচেনকোকে। ম্যাচ শুরু আগে তিনি ও পিটাবরার অধিনায়ক ইউক্রেনের পতাকা তুলে ধরেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে লেখা ওঠে ‘আমরা ইউক্রেনের পাশে আছি’।
ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলটির বিপক্ষে প্রথমার্ধে বেশ বেগ পেতে হয় ম্যানসিটিকে। তবে বিরতির পর ৬০ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় স্কাই ব্লুজরা। এ সময় আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে যায় সিটি। ৬৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন গ্রিয়েলিশ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।










