যুক্তরাষ্ট্রের মেজর লিগ ও মেক্সিকান শীর্ষ লিগের দলগুলো নিয়ে প্রথমবারের মতো আয়োজিত লিগ কাপের শেষ ষোলোয় ডালাসের মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। টয়োটা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় শুরু হবে এ ম্যাচ। 

ডালাসের সঙ্গে সর্বশেষ তিন ম্যাচে জয়হীন ইন্টার মিয়ামি। তিন ম্যাচের মধ্যে দুটিতে ডালাস জিতেছে, একটি ম্যাচ ড্র হয়। আজ মেসির ছোঁয়ায় বদলে যাওয়া মিয়ামি কি পাবে জয়ের দেখা?

মেসির ওপর প্রত্যাশা ক্রমেই বাড়ছে ইন্টার মিয়ামির সমর্থকদের। আর্জেন্টাইন সুপারস্টার নতুন ক্লাবের জার্সিতে এ মুহূর্তে অপ্রতিরোধ্য। বৃহস্পতিবার ভোরে লিগ কাপ ম্যাচে অরল্যান্ডো সিটি এসসির বিপক্ষে জোড়া গোল করে মিয়ামিকে ৩-১-এ জেতান তিনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দলটির হয়ে এ নিয়ে তিন ম্যাচে পাঁচ গোল হয়ে গেল তার। মেসির নৈপুণ্যে পাওয়া এ জয়ে লিগ কাপের শেষ ষোলো নিশ্চিত করে ইন্টার মিয়ামি। আজ তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার মিশন। 

গত ২১ জুলাই ইন্টার মিয়ামিতে অভিষেক ম্যাচেই গোল করেন মেসি। প্রথম ম্যাচে শেষ মুহূর্তে ফ্রি কিকে মোহনীয় এক গোল করে জেতান মিয়ামিকে। পরের দুই ম্যাচেও টানা গোল পান তিনি এবং শেষ দুই ম্যাচে করেন চার গোল! 

মিয়ামিতে মেসির পুরনো ঝলক দেখা যেতে পারে। বার্সায় যারা ছিলেন তার বলের জোগানদাতা, তাদের মধ্যে দুজন—সার্জিও বুসকেটস ও জর্ডি আলবাকে তিনি মিয়ামিতে সতীর্থ হিসেবে পেয়ে গেছেন। বুসকেটস আগেই খেলেছেন, আর আলবার বৃহস্পতিবার অরল্যান্ডোর বিপক্ষে অভিষেক ঘটে। আজ হয়তো মূল একাদশে দেখা যাবে বার্সার এ ত্রয়ীকে। এ ত্রয়ীর রসায়ন আগের মতো জমে উঠলে বিপদ আছে ডালাসের।  

অরল্যান্ডোর বিপক্ষে জয় শেষে ইন্টার মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনেজ বলছিলেন, ‘মেসি তিন ম্যাচে পাঁচ গোল করবে, এটা ভাবা অযৌক্তিক নয়। আমরা তো বিশ্বের সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। সে গত ১৭-১৮ বছর ধরে একই কাজ করে আসছে। সে তো বলেছে, এখানে আসছে লড়তে ও জিততে। সে যা বলেছে সেটাই করছে।’

মার্টিনেজের কথা প্রমাণ করে, মেসি এখনই থামছেন না। কারণ তিনি যখন ফুটবল উপভোগ করেন তখন প্রতিপক্ষ হয়ে পড়ে শুধুই দর্শক। বয়স ৩৬ হয়ে গেলেও তার বুটের ধার যেন এখনো আগের মতোই রয়ে গেছে।