আফ্রিকান নেশন্স কাপে শুভসূচনা পেল রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিসর। সোমবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়েকে ২-০ গোলে হারিয়েছে তারা। যোগ করা সময়ে গোল করে মিসরকে জেতান লিভারপুল তারকা মোহামেদ সালাহ। আজ রাতে নামছে গত আসরের রানার্সআপ ‘সুপার ঈগল’ নাইজেরিয়া।

লিভারপুলের মতোই এবার মিসরেরও ত্রাতা হলেন সালাহ। ম্যাচটি যখন ড্রয়ের পথেই ছিল, তখনই সালাহর জাদু। ৯১ মিনিটে মোস্তাফা মোহামেদের পাস থেকে গোল করেন তিনি।

ম্যাচের ২০ মিনিটের সময় দুবের গোলে পিছিয়ে পড়েছিল ফেভারিট মিসর। দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটের সময় সেই গোল পরিশোধ করে মিসরকে ম্যাচে ফেরান ওমর মারমুস। মোহামেদ হামদির পাস থেকে গোলটি করেন তিনি।

সোমবার রাতে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-১ গোলে হারায় দক্ষিণ আফ্রিকা। এছাড়া ‘এ’ গ্রুপের ম্যাচে জাম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে মালি।

আজ মঙ্গলবার নেশন্স কাপে রয়েছে চারটি ম্যাচ। ‘সি’ গ্রুপে নাইজেরিয়ার প্রতিপক্ষ তাঞ্জানিয়া আর তিউনিসিয়ার প্রতিপক্ষ উগান্ডা। এছাড়া ‘ডি’ গ্রুপ ডিআর কঙ্গো এ মুহূর্তে খেলছে বেনিনের বিপক্ষে, আর রাতে সেনেগাল খেলবে বতসোয়ানার বিপক্ষে।