উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ রাতে মহারণে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই। সান্তিয়াগো বার্নাব্যুয়ে বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি শুরু হবে। একই সময়ে এতিহাদ স্টেডিয়ামে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও স্পোর্টিং লিসবন।

দ্বিতীয় লেগে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে পিএসজির সামনে। ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পের গোলে প্রথম লেগে ১-০ গোলে তারা রিয়ালকে হারায়। জয়ের ব্যবধান বেশ বড় না হওয়ায় চাপ নিয়েই দ্বিতীয় লেগ খেলতে হবে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের। তার ওপর রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে ফরাসি ক্লাবটির কোনো জয়ের রেকর্ড নেই।

রিয়ালের মাঠে চ্যাম্পিয়নস লিগে এর আগে তিন দেখায় দুই হার ও একটি ড্র করেছিল প্যারিসিয়ানরা। ২০১৫ সালে সালে গ্রুপ পর্বে ১-০, ২০১৮ সালে রাউন্ড সিক্সটিনে ৩-১ এবং ২০১৯ সালে গ্রুপ পর্বে ২-২ গোলে ড্র করে। চ্যাম্পিয়নস লিগে সর্বমোট সাতবারের দেখায় তিনটিতে জেতে রিয়াল, দুটিতে পিএসজি এবং দুটি ম্যাচ ড্র হয়।

প্রথম লেগের জয়ের নায়ক এমবাপ্পে দ্বিতীয় লেগে নামার আগে অনুশীলনে চোট পেয়েছেন। খেলার জন্য তিনি কতটুকু ফিট তা এখনো জানা যায়নি। লিগ ওয়ানে সর্বশেষ নিঁসের বিপক্ষেও হারে দলটি। তারপরও লিওনেল মেসির চেনা মাঠ, সঙ্গে নেইমার-এমবাপ্পেরা যদি জ্বলে ওঠেন, তাহলে রিয়ালের মাঠে জয়ের খরা কাটাতে পারে ফরাসি ক্লাবটি।

এদিকে বর্তমান রানার্সআপ ম্যানসিটি প্রথম লেগে পর্তুগালের স্পোর্টিং লিসবনের বিপক্ষে ৫-০ গোলের জয় নিয়ে ফিরেছে। তাই নিজের ডেরায় পেপ গার্দিওলা চাপমুক্ত। প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে তারা ৪-১ গোলে বিধ্বস্ত করে। এমন তরতাজা সুখস্মৃতি নিয়ে দ্বিতীয় লেগে নামবে সিটিজেনরা।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নেই অ্যাওয়ে গোলের নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী দুই লেগের খেলায় ১৮০ মিনিটে শেষে যদি দুই দলের মোট গোল সমান হয়, সে ক্ষেত্রে ৩০ মিনিট অতিরিক্ত খেলা হবে। এতেও ফলাফল না পেলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে।