ইউরোপ হচ্ছে ফুটবলের স্বর্গরাজ্য। স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ান ও ইতালিয়ান সিরি-আ হচ্ছে ইউরোপের সবচেয়ে আলোচিত লিগ। যে লিগগুলো ফুটবলের কারণে ইউরোপকে পুরো বিশ্বের কাছে পৌঁছে দেয়। ২০২১-২২ মৌসুমে ইউরোপের সেরা পাঁচটি লিগ এখন মাঝপথে। ফুটবলপ্রেমীদের শীর্ষ ক্লাবগুলো এবারো আছে শিরোপা দৌড়ে। 

অন্য চার লিগের চেয়ে স্প্যানিশ লা লিগাকে একটু আলাদা চোখে দেখে ফুটবলভক্তরা। এ লিগে কিংবদন্তীদের দ্বৈরথ এবং রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রতিদ্বিন্দ্বীতা ভিন্ন মাত্রা ফেলে। চলমান মৌসুমে রিয়াল আছে শিরোপা দৌড়ে; কিন্তু সেই দৌড়ে নেই বার্সা। ২১ রাউন্ডের খেলা শেষে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এ মৌসুমে  ১৫ ম্যাচে জয়, চারটিতে ড্র ও দুটিতে হার লস ব্লাঙ্কোস। এক রাউন্ড কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। চলতি লিগে ১৩ ম্যাচে জয়, পাঁচ ম্যাচে ড্র ও দুই ম্যাচে হার তাদের। রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। ২১ ম্যাচে তিনে থাকা রিয়াল বেটিসের ৩৭ পয়েন্ট। যদিও এখনো অনেক পথ বাকি। তবে শিরোপা দৌড়ে লড়াইটা রিয়াল-সেভিয়ার মধ্যেই। মাদ্রিদিস্তারা যে দাপটে এগিয়ে যাচ্ছে, কোচ কার্লো আনচেলেত্তির হাতে লা লিগা শিরোপা দেখেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসির মধ্যে লিগের শুরু থেকে পয়েন্ট টেবিলের প্রতিদ্বন্দ্বীতা দেখা যায়। কিন্তু মাঝপথে এসে কিছুটা পিছিয়ে পড়ে টমাস টুখেলের চেলসি। ২৩ রাউন্ড খেলে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে দ্য ব্লুজ। ২১ রাউন্ডে শেষে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ২২ রাউন্ডে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। তারা চেলসির চেয়ে এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট এবং অল রেডদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১১ পয়েন্ট এগিয়ে আছে। শেষ পর্যন্ত লড়াইটা ইয়ুর্গেন ক্লপ ও পেপ গার্দিওলার মধ্যেই টিকে থাকবে। তবে বর্তমান চ্যাম্পিয়ন সিটি এবারো শিরোপা দৌড়ে এগিয়ে থাকছে।

জার্মান লিগ বুন্দেসলিগায় টানা নয় মৌসুমে শিরোপা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমেও সেরার মুকুট ধরে রাখার পিছনে ছুটছে ব্যাভারিয়ানরা। এখন পর্যন্ত ১৯ রাউন্ড শেষে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন। সমান রাউন্ড শেষে বরুশিয়া ডর্টমুন্ড ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে ও ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে বায়ার লেভারকুসেন। বায়ার্নকে টপকে শিরোপা ছোঁয়া ডর্টমুন্ডের জন্য সহজ হবে না।

ফরাসি লিগ ওয়ানে টানা সাত মৌসুম শিরোপা ধরে রাখার পর গত মৌসুমে হাতছাড়া করে প্যারিস সেন্ট জার্মেই। ২০২১-২২ মৌসুমে আবারো শিরোপা পুনরুদ্ধারের পথে ছুটছে প্যারিসিয়ানরা। ২১ রাউন্ড পর ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান রাউন্ডে ৩৯ পয়েন্টে দ্বিতীয়স্থানে নিঁস। এক রাউন্ড কম খেলে তিনে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৩৭। এই ধারা অব্যাহত থাকলে, মৌসুম শেষে শিরোপা উঠতে পারে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রদের হাতে। এবার শিরোপা জিতলে লিগ ওয়ানে সর্বোচ্চ ১০ বারের শিরোপাজয়ী সেন্ট এতিয়েনকে ছুঁবে পিএসজি। তারা জিতেছে নয়বার।

ইতালিয়ান লিগ সিরি-আ’র বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। প্রায় ১০ বছর পর শিরোপা জিতেছিল তারা। চলতি মৌসুমেও শিরোপার দৌড়ে আছে ক্লাবটি। ২১ রাউন্ড শেষে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে অবস্থান করছে ইন্টার। ২২ রাউন্ড খেলে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে নাপোলি। তিনটি দলই অকে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শেষ পর্যন্ত কার হাতে লিগ টাইটালে উঠবে তা সময় বলে দেবে।