চলতি বিশ্বকাপে একের পর গোল করে পায়ে ভেলকি দেখাচ্ছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি এবার প্রত্যেক ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন। এর পাশাপাশি বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। একই সঙ্গে ফ্রি কিক গোলের রেকর্ডেও ভাগ বসালেন রোজারিওর এ ফুটবল জাদুকর।

গ্রুপ পর্বে রেকর্ড বইয়ের তছনছ করা মেসির সামনে নকআউট পর্বে দাঁড়িয়েছে ফুটবলের নবীন শক্তি কেপ ভার্দে। এ ম্যাচ নবাগত দলটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেসিকে থামানো। আর সেই দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত কেপ ভার্দের ডিফেন্ডার রবার্তো পিকো লোপেস। তবে তার লড়াই শুধু আর্জেন্টিনার অধিনায়কের বিপক্ষে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ঘরের ভেতরের এক মজার গল্পও। ছেলের জন্য অভিনব এক বাজি ধরেছেন পিকোর মা—মেসিকে গোল করতে না দিলে মিলবে বিশেষ পুরস্কার। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি মা-ছেলের ই বাজিও ম্যাচটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা।

বিবিসি স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে রবার্তো পিকোর মা জুডি লোপেস এ তথ্য জানান। তিনি বলেন, ‘মেসির বিপক্ষে খেলতে দারুণ উপভোগ করবে পিকো। ও সব সময়ই শান্ত, আত্মবিশ্বাসী এবং চাপের মুহূর্তে নিজের সেরাটা দিতে পারে। ম্যাচের চারপাশে যত কিছুই ঘটুক না কেন, সেগুলো উপেক্ষা করে নিজের খেলায় মনোযোগ ধরে রাখতে পারে।’

জুডির মতে, দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতাই তার ছেলেকে এমন বড় ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত করেছে, ‘মানুষ বুঝতে পারে না, ফুটবলে ও কত অভিজ্ঞতা অর্জন করেছে। ও দুটি আফ্রিকা কাপ অব নেশনসে খেলেছে এবং শ্যামরক রোভার্সে টানা ১০ বছর কাটিয়েছে। আমার বিশ্বাস, ও ভয় পাবে না। এ চ্যালেঞ্জকে গ্রহণ করবে এবং কে জানে, হয়তো জয় নিয়েই মাঠ ছাড়বে।’

মেসির বিপক্ষে পিকো খেলবেন—এটা ভাবতেই গর্ব হচ্ছে মা জুডির, ‘কখনোই না, লাখে একবারও না। এখনো মনে হয় যেন বাইরে থেকে সবকিছু দেখছি। ভাবতেই অবিশ্বাস্য লাগে, আমার ছেলে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের বিপক্ষে খেলতে নামবে।’

হাস্যরসের সুরে মেসিকে সতর্কবার্তাও দিয়েছেন জুডি, ‘মেসিও নিশ্চয়ই ম্যাচের আগে পিকোকে নিয়ে পড়াশোনা করবে, ওর খেলার ধরন বিশ্লেষণ করবে এবং এ রক্ষণপ্রাচীর কীভাবে ভাঙা যায়, সেই উপায় খুঁজবে।’

প্রসঙ্গত, প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই চমকে দিয়েছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে গ্রুপ পর্বের বৈতরণী পার করেছে আফ্রিকার দলটি। অভিজ্ঞ ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহাও ছিলেন দলের অন্যতম ভরসা।